


মাদ্রিদ: দীর্ঘ ১৩ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখছেন হোসে মরিনহো। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ফিরতি লেগে বেনফিকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে প্রাক্তন দলের ডেরায় প্রত্যাবর্তনটা খুব একটা সুখের হচ্ছে না পর্তুগিজ কোচের। প্রথম লেগে হেরে বিপাকে বেনফিকা। তার উপর, কার্ড সমস্যায় বুধবার বেঞ্চে বসতে পারবেন না মরিনহো। শুধু তাই নয়, লিসবনে প্রথম লেগে ম্যাচের ফলের চেয়েও চর্চায় ছিল ভিনিসিয়াসের বর্ণবিদ্বেষের অভিযোগ। গোলের পর সেলিব্রেশনের সময় প্রতিপক্ষ শিবিরের কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয় ব্রাজিলিয়ান তারকাকে। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। এই ঘটনার জেরে উয়েফা সাময়িক নির্বাসিত করেছে মূল অভিযুক্ত গিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে। এমন পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচে কঠিন লড়াই অপেক্ষা করছে বেনফিকার সামনে। পক্ষান্তরে, ঘরের মাঠেও জয় পেতে মরিয়া রিয়াল। উল্লেখ্য, প্রথম লেগে জেতায় বুধবার ড্র করলেই শেষ ষোলোর টিকিট পাকা করবে আলভারো আর্বেলোয়ার ছেলেরা।
দিনের অপর ম্যাচে পার্ক দ্য প্রিন্সেসে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে জিতে মাঠ ছেড়েছিল লুই এনরিকে ব্রিগেড। সেই সুবাদে ফিরতি লেগে এক গোলের অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামছে প্যারিসের ক্লাবটি। এদিকে, প্রথম লেগে গালাতাসারের কাছে ২-৫ গোলে হেরে বেশ বিপাকে জুভেন্তাস। বুধবার ঘুরে দাঁড়াতে আলৌকিক কিছু করতে হবে স্পালেত্তি ব্রিগেডকে।