Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়ডাক-২ নদীতে অবৈধ খনন তৃণমূলকে দুষলেন বিধায়ক

রায়ডাক-২ নদীতে অবৈধ খনন তৃণমূলকে দুষলেন বিধায়ক
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের পশ্চিম চ্যাংমারির রায়ডাক-২ নদীতে অবৈধভাবে খনন চলছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সোমবার সরব হলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ। এদিন সকালে তিনি বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে পশ্চিম চ্যাংমারিতে আসেন। সেসময় নদী থেকে আর্থমুভার সহ অন্যান্য যন্ত্রপাতি দিয়ে বালি, পাথর তোলার কাজ চলছিল। এ নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিধায়ক। 
Advertisement
মনোজকুমার ওরাওঁ বলেন, শাসকদের মদত ছাড়া এই কাজ সম্ভব নয়। নদী থেকে অবৈধ উপায়ে বালি, পাথর তোলা হচ্ছে। তারপর ডাম্পারে করে পাচার করা হচ্ছে বালি, পাথর। রাতেও ডাম্পার চলছে। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনে আমি দেখতে এসেছি। সেটা যে সত্যি তা প্রমাণ পেলাম। 
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য টেনে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে বলছেন, বালি-পাথর পাচার, বালি খাদান বন্ধ করতে হবে। অথচ প্রত্যন্ত পশ্চিম চ্যাংমারিতে এ ধরনের অবৈধ কাজ চলছে। শাসকদলের মদত ছাড়া এই কাজ সম্ভব নয়। আমি এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। বিষয়টি আমি বিধানসভায় তুলে ধরব। প্রয়োজনে পুলিস এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দ্বারস্থ হব। 
পশ্চিম চ্যাংমারির এক বাসিন্দা বলেন, যেভাবে নদী খনন হচ্ছে তাতে সবাই আমরা চিন্তিত। ভবিষ্যতে হয়তো আমাদের গ্রাম নদীগর্ভে চলে যাবে। তাই আমরা চাইছি, প্রশাসন এই বিষয়ে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুক। 
যদিও বিধায়কের এই বক্তব্যকে পাত্তা দিতে চায়নি শাসকদল তৃণমূল। তৃণমূলের উত্তরবঙ্গের ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় বলেন, বিধায়কের কোনও কাজ নেই। তাই নেই কাজ তো খই ভাজ। এর জন্যই তিনি এসব ভিত্তিহীন কথাবার্তা বলছেন। নদী খনন নিয়ে যদি কোনও অভিযোগ থাকে, তাহলে বিধায়ক পুলিস ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করুন। আসলে বিধায়ক ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে নিজের পক্ষে হাওয়া তোলার জন্য এসব আবোল-তাবোল বলছেন। 
তৃণমূলের ব্লক সভাপতি আরও বলেন, নদী নিয়ে যদি বিধায়কের এতই দরদ থাকে তাহলে সম্প্রতি বিধানসভায় ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিজেপির বিধায়করা তখন যাননি কেন? আসল কথা হল, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কাদা ছোড়ার জন্য বিধায়ক এসব কথা বলছেন। কুমারগ্রামের বিডিও গৌতম বর্মন বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে নিশ্চই খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ