Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকায় নাম বাদ গেলে রেশন বন্ধ? রিপোর্ট চাইল হাইকোর্ট

ভোটার তালিকায় নাম বাদ গেলেই রেশন বন্ধ নিয়ে দায়ের হওয়া এক মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

ভোটার তালিকায় নাম বাদ গেলে  রেশন বন্ধ? রিপোর্ট চাইল হাইকোর্ট
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকায় নাম বাদ গেলেই রেশন বন্ধ নিয়ে দায়ের হওয়া এক মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে আপাতত মামলাকারীর রেশন বন্ধ করা যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ। এসআইআর পরবর্তী পর্যায়ে ভোটার তালিকা থেকে উম্মে সালমা নামে কোচবিহারের এক মহিলার নাম বাদ পড়েছিল। এরপর তিনি ছ’নম্বর ফর্ম পূরণ করে পুনরায় নাম তোলার আবেদন জানিয়েছেন। সেই আবেদনের ফয়সালা এখনও ঝুলে রয়েছে। এরমধ্যে তিনি জানতে পারেন তাঁর রেশন বন্ধ করে দেওয়া হবে। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। মামলায় তাঁর আইনজীবী দাবি করেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন বকেয়া অবস্থায় রেশন বন্ধ করা যায় না। যদিও রাজ্যের তরফে দাবি করা হয়, মামলাকারীর রেশন কার্ড এখনও অ্যাকটিভ রয়েছে। ফলে এটা আশঙ্কা মাত্র। সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি নির্দেশে জানান, আদালতের অনুমতি ছাড়া মামলাকারীর রেশন বন্ধের মতো পদক্ষেপ করা যাবে না। এব্যাপারে কোচবিহারের খাদ্য সরবরাহ দপ্তরের অ্যাডিশনাল ডিভিশনাল কনট্রোলার এবং কোচবিহার দক্ষিণের ইআরও-র কাছে রিপোর্ট তলব করেছে আদালত। দু’সপ্তাহ পর মামলার শুনানি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ