সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতন থানার পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। মূল অভিযুক্ত রতন শেখ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে তার দুই সঙ্গী রমেশ লোহার ও নূর হোসেন শেখ। দু’জনেই বর্তমানে পুলিশি হেপাজতে। কিন্তু তাদের সঙ্গে কি আরও একজন ছিল? সেই ব্যক্তির পরিচয় এবং তার ভূমিকা ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। তদন্তে উঠে আসছে ভিনরাজ্যের অস্ত্র সরবরাহের যোগও।
সোমবার শান্তিনিকেতন থানায় সাংবাদিক বৈঠক করে জেলার পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানান, রতনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার সঙ্গে থাকা রমেশ ও নূরের নাম উঠে আসে। গত শুক্রবার বোলপুর মহকুমা সংশোধনাগার থেকে রতন বেরনোর সময় বাইরে তিন-চারজন তাকে রিসিভ করেছিল। পরে তারা একসঙ্গে পার্টি করে। পুলিশের কাছে খবর আসে, তারা ফের অপরাধের পরিকল্পনা করছে। তিনজনেরই অপরাধের পূর্ব ইতিহাস পুলিশের রেকর্ডে ছিল। সেই সূত্রে শান্তিনিকেতন থানার এক এএসআই ও এক কনস্টেবল অভিযানে যান। পুলিশ সুপারের বক্তব্য, সেইসময় রতন ও রমেশ একদিকে পালানোর চেষ্টা করে। নূর অন্যদিকে চলে যায়। তখনই রতনের গুলিতে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তবে পুলিশি সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২টা নাগাদ সংশোধনাগার থেকে বেরনোর পর রতনকে আনতে যাওয়ার সময় রমেশ, নূর ছাড়াও আরও একজন ছিল। পরে মুলুকের কাছে একটি জায়গায় চারজন মিলে মদের আসরে বসায়। সেখানেই বোলপুর শহর বা সংলগ্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তকারীদের সূত্রের খবর। এরপর পুলিশ খবর পায়, রতন লায়েকবাজারের দিকে হেঁটে আসছে। সেইসময় রতনের সঙ্গে ছিল রমেশ। নূর ও চতুর্থ ব্যক্তি অন্য পথ ধরে গাঢাকা দেয় বলে জানা গিয়েছে। ওই চতুর্থ ব্যক্তিই এখন তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ।
তদন্তে আরও একটি সম্ভাব্য যোগ উঠে আসছে। সূত্রের দাবি, রতনকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করত নূর। অধরা ব্যক্তির সঙ্গে ভিনরাজ্যের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাহলে কি ভিনরাজ্য থেকেই অস্ত্র এনে রতনদের সরবরাহ করত সে? সেই অস্ত্র মজুত করে ডাকাতি সহ বিভিন্ন অপরাধে ব্যবহার করা হত কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও এই অস্ত্র সরবরাহ বা চতুর্থ ব্যক্তির ভূমিকা নিয়ে পুলিশ প্রকাশ্যে কিছু জানায়নি। রতনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, আগ্নেয়াস্ত্র ও মাদক কারবার সহ ৩৬টি মামলা রয়েছে। রমেশের বিরুদ্ধেও ১৮টি মামলা রয়েছে। নূরের বিরুদ্ধেও লাভপুর-সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনজনই জেল খেটেছে। বোলপুর মহকুমা সংশোধনাগারেই রতন, রমেশ ও নূরের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে তদন্তে উঠে আসছে। জেলের ভিতরেই কি অপরাধের পরিকল্পনা তৈরি হয়েছিল? নাকি জেল থেকে বেরিয়ে নতুন করে চক্র গড়ে তুলেছিল তারা সেই প্রশ্নও উঠছে।
জেলার পুলিশ সুপারের বক্তব্যে জেল থেকে বেরনোর সময় তিন-চারজনের উপস্থিতির কথা উঠে এলেও চতুর্থ ব্যক্তির পরিচয় বা তার ভূমিকা স্পষ্ট হয়নি। ওই ব্যক্তি কীভাবে পালাল তা নিয়েও প্রশ্ন উঠেছে। এক পুলিশ আধিকারিক বলেন, এই ঘটনায় আর কারা যুক্ত ছিল এবং অস্ত্রের উৎস কোথায় তা নিয়ে তদন্ত চলছে।



