Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রিচাদের বিশ্বজয়ে স্বপ্ন দেখছে মালদহের কিশোরী-তরুণীরা, দেশের জার্সি পরার প্রস্তুতি রাসমণি-সালমাদের

নীল জার্সির মহিলা ব্রিগেড দেশকে বিশ্বকাপ জেতানোর পর মুখে মুখে হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের নাম।

রিচাদের বিশ্বজয়ে স্বপ্ন দেখছে মালদহের কিশোরী-তরুণীরা, দেশের জার্সি পরার প্রস্তুতি রাসমণি-সালমাদের
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সৌম্য দে সরকার, মালদহ: নীল জার্সির মহিলা ব্রিগেড দেশকে বিশ্বকাপ জেতানোর পর মুখে মুখে হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের নাম। এরই মধ্যে নিঃশব্দে তৈরি হচ্ছে মালদহের একঝাঁক মহিলা ক্রিকেটার। তাঁদের বেশিরভাগই কিশোরী, আবার কেউ তরুণী। চাঁচলের রাসমণি, প্রেয়সী, ইংলিশবাজারের সালমারা এখন চোয়াল শক্ত করে অনুশীলন করে চলেছেন নিয়মিত। স্বপ্ন নীল জার্সি পরে দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা। ইতিমধ্যে রাজ্যস্তরে খেলে ফেলেছেন তাঁদের কেউ কেউ। এমনকী জাতীয় স্তরে তালিমও নিয়েছে। মালদহের মহিলা ক্রিকেট ব্রিগেডকে নিয়ে এখন স্বপ্ন দেখছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও। 

Advertisement

চাঁচলের রাসমণি ইতিমধ্যে অনূর্ধ্ব-১৯ রাজ্য মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছেন তিনি। দলের অন্যতম ভরসা এই তরুণী। শুধু তাই নয়, ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার (বিসিসিআই) নজর কেড়ে জাতীয় স্তরের প্রশিক্ষণ শিবিরেও যোগ দিয়েছিল। মিডিয়াম পেস বোলার রাসমণি এখন মালদহের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার অন্যতম গর্ব।  
চাঁচলের আরেক কন্যা প্রেয়সী এই মুহূর্তে অনূর্ধ্ব-১৬ দলের সদস্য। মূলত মিডিয়াম পেসার প্রেয়সী মিডল অর্ডারে ব্যাট করে আত্মবিশ্বাসের সঙ্গে। প্রয়োজনে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
অন্যদিকে, ইংলিশবাজারের গয়েশপুর এলাকার কিশোরী সালমা খাতুন মালদহের মহিলা ক্রিকেটের আরেক উদীয়মান তারকা। চরম দারিদ্রের সঙ্গে লড়াই করেও যোগ্যতার প্রমাণ রেখেছেন তিনি। এই মুহূর্তে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব ১৫ ক্রিকেটারদের কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন সালমা। এই অলরাউন্ডারকে ঘিরেও মালদহ স্বপ্নের জাল বুনছে।
জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, জেলার মহিলা ক্রিকেটারদের মধ্যে দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রয়েছে কয়েকজনের। মিতালি রাজ, ঝুলন গোস্বামীর মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার এবং জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ অমল মজুমদারকে মহিলা ক্রিকেট প্রশিক্ষণ শিবিরে নিয়ে এসে জেলার প্রতিভাদের উদ্বুদ্ধ করার পরিকল্পনা রয়েছে।  সিএবিতে মালদহের প্রতিনিধি আলিফ পারভেজ বলেন, তিন বছর জেলায় মহিলা ক্রিকেট লিগ চলছে। এতদিন তিনটি দল খেলত। এবার চারটি দল অংশ নিতে পারে। মালদহের মহিলা ক্রিকেটারদের অনেকেই জাত চেনাতে শুরু করেছেন। তাঁদের নিয়ে আমাদেরও স্বপ্ন আকাশছোঁয়া।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ