আমেদাবাদ: ‘গভীর রাতে পার্টিতে যাবেন না। বন্ধুদের সঙ্গে অন্ধকারে, নির্জন জায়গায় যাবেন না। তাহলে ধর্ষণ বা গণধর্ষণের শিকার হতে পারেন।’ মোদি রাজ্য গুজরাতের আমেদাবাদে ট্রাফিক পুলিসের তরফে এমনই পোস্টার দিয়ে চলল ‘সচেতনতা’র প্রচার। মহিলাদের এমন আজব পরামর্শ দেওয়ার বিষয়টি সম্প্রতি সামনে আসতেই তোলপাড় গোটা রাজ্য। বিপাকে পড়ে তড়িঘড়ি সাফাই দিয়েছেন ট্রাফিক পুলিসের এক শীর্ষ আধিকারিক। বিষয়টি নিয়ে তাঁদের কিছু জানা নেই বলে তিনি দায় এড়ানোর চেষ্টা করেছেন। তাঁর দাবি, এক স্বেচ্ছাসেবী সংস্থা কোনওরকম অনুমতি ছাড়াই ওই পোস্টার তৈরি করেছে। বিষয়টি নিয়ে গুজরাতের ডাবল ইঞ্জিন সরকারকে আক্রমণ শানিয়েছে আম আদমি পার্টি। তাদের বক্তব্য, এই পোস্টার রাজ্যের বিজেপি সরকারের ব্যর্থতা ও নারী নিরাপত্তার বেহাল দশাই বেআব্রু করে দিয়েছে।
ইতিমধ্যেই সোলা ও চান্দলোদিয়া সহ নানা এলাকায় রাস্তার পাশে পোস্টারগুলি লাগানো হয়। আর তা নিয়ে বিতর্ক ছড়াতেই নড়েচড়ে বসেছে পুলিস-প্রশাসন। ডেপুটি কমিশনার অফ পুলিস (ট্রাফিক ওয়েস্ট) নীতা দেশাইয়ের সাফাই, নারী নিরাপত্তা নয়, আমরা পথ নিরাপত্তা নিয়ে প্রচার করছি। সতর্কতা গ্রুপ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা এই পোস্টার তৈরি করেছে। এসম্পর্কে ট্রাফিক পুলিস কিছুই জানে না। এনিয়ে আমাদের সঙ্গে কোনও কথা বলা হয়নি। কোনও অনুমতি নেওয়া হয়নি। খবর পেয়ে দ্রুত সমস্ত পোস্টার সরিয়ে ফেলা হয়েছে।
প্রশ্ন উঠছে, এমন গুরুতর একটি বিষয় কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে যেতে পারে? বিরোধী দল আপ বলেছে, বিজেপি সরকার মুখে নারী ক্ষমতায়নের কথা বলে। কিন্তু বাস্তব ছবিটা সম্পূর্ণ ভিন্ন। গত তিন বছরে রাজ্যে সাড়ে ছয় হাজারের বেশি ধর্ষণ ও ৩৬টি গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। পরিসংখ্যান বলছে, দিনে পাঁচটির বেশি ধর্ষণ হচ্ছে। আসলে নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ ডাবল ইঞ্জিন সরকার। এবার থেকে কি রাতে মেয়েদের বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেওয়া উচিত? মুখ্যমন্ত্রী কি এই প্রশ্নের জবাব দেবেন?