নিজস্ব প্রতিনিধি, তমলুক: এনকাউন্টার নিয়ে সমালোচনা হলেও বিজেপি সরকার যে তাকে আমল দিতে নারাজ, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন। সোমবার দীঘায় কালীপুজোর এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘বোন, কন্যাদের উপর ধর্ষণ করে খুন, অত্যাচারের ঘটনায় পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়েছি। প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী যা করার তাই করবে।’ রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের ছ’মাসের মধ্যে চতুর্থ এনকাউন্টার হয় রায়গঞ্জে। তার কয়েক ঘণ্টা পর মুখ্যমন্ত্রী বলেন, আমরা সতর্ক করে দিতে চাই, নেশা ও ড্রাগ মাফিয়াদের, ধর্ষণকারীদের এবং অবৈধ অনুপ্রবেশকারীদের। এই রাজ্যে ওদের কোনো স্থান নেই। এই সরকার এসব বিষয়ে অত্যন্ত কঠোর ও কঠিন। এখনো কেউ কেউ চিমটি কাটার কাজ করছেন। এদের মধ্যে দিমাগি নকশাল রয়েছে। জামাতি, জেহাদি ও জঙ্গি রয়েছে। কমিউনিস্ট রয়েছে। আরশোলা ও ছারপোকা রয়েছে। এদের থেকে সাবধান রাষ্ট্রবাদীদের থাকতে হবে।’
সোমবার দীঘায় শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী সমিতি আয়োজিত কালীপুজোর অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দা তথা পটাশপুরের বিধায়ক তপন মাইতি এই পুজোর প্রধান পৃষ্টপোষক। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও সেচমন্ত্রী অরূপ দাস, রামকৃষ্ণ মঠ ও মিশনের দীঘা শাখার সন্ন্যাসী, রামনগরের বিধায়ক চন্দ্রকান্ত মণ্ডল, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এরাজ্যে রাষ্ট্রবাদী সরকার তৈরি হওয়ার পর সনাতনীদের ধর্ম পালনে বাধা আসার ঘটনা অতীত হয়ে গিয়েছে। বিগত সরকারের আমলে পুজোর পারমিশন পেতে হাইকোর্টে যেতে হত। বিসর্জন আটকে দেওয়া হত।
উন্নয়ন ও কর্মসংস্থানের পাশাপাশি এরাজ্যে অপরাধ ও নেশামুক্ত করার কাজও সমান্তরালভাবে চলছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। সেই লক্ষ্যে অভিযান চালিয়ে নেশার র্যাকেট ভাঙা হয়েছে। পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রবাদী মনোভাবাপন্নদের উদ্দেশে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা পূর্ব মেদিনীপুর জেলায় ৫৬ শতাংশ মানুষের সমর্থন পেয়েছি। রাজ্যে ৪৬ শতাংশ মানুষের সমর্থন পেয়েছি। আগামী দিনে ৭০শতাংশ মানুষের হৃদয় জয় করার মতো কাজ করতে হবে। শুধু উন্নয়ন নয়, শিল্পায়ন ও কর্মসংস্থান, কৃষকদের অধিকার ও মর্যাদা রক্ষাতেও আমরা যত্নবান। মহালয়ার পরের দিনে ১১ হাজার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগ তুলে দিয়েছি। দীপাবলিতে ৩০৯ জন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ তুলে দিয়েছি। আগের সরকার তাজপুরে গভীর বন্দরের নামে ঢপবাজি করেছিল। সরকারের হাতে জমি ছিল না। আমরা দাদনপত্রবাড়ে গভীর সমুদ্রবন্দরের জন্য কাজ শুরু করেছি।’
তিনি আরও বলেন, দীঘায় তোলাবাজি সিন্ডিকেট বন্ধ হয়েছে। যদি কোনোরকম তোলাবাজি, দাদাগিরি কিংবা কাটমানি আদায় হয় তাহলে পুলিশ, বিধায়ক, সাংসদ এবং আমাকে জানাবেন। কঠিন ও কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা নেব। মানুষ এবার শুধু মুখ ও নামের পরিবর্তন চায়নি, ব্যবস্থারও পরিবর্তন চেয়েছে। সেই ব্যবস্থার পরিবর্তন আমাদের করতে হবে।



