নেপালে বিপর্যয়ের পর কেটে গিয়েছে দু’মাসের বেশি! বাড়ি এসে দাদা ফোঁটা নেবে, অপেক্ষায় বর্ধমানের কবিতা
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুখেন্দু পাল, বর্ধমান: রাত পোহালেই ভাইফোঁটা। প্রতি বছর দাদার কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা দিতেন বোন কবিতা দাস। এবারও তিনি অপেক্ষায় রয়েছেন। দাদা ঠিক আসবে। তাঁর হাত থেকে তিনি উপহার নেবেন। আবার দাদাও বোনের হাতে কিছু তুলে দেবেন। কিন্তু দাদা অশোক পাল ৮০দিন ধরে নিখোঁজ। নেপালে সেই বিপর্যয়ের পর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইলে নিয়ম করে প্রতিদিনই দাদা অশোক পালের নম্বর ডায়াল করছেন বোন। কিন্তু ওপার থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। প্রশাসনের দরজায় গিয়ে দাদার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কেউ তাঁর খোঁজ দিতে পারেনি। তারপরও আশা ছাড়তে নারাজ বোন। দাদার প্রিয় মিষ্টি নিয়ে অপেক্ষায় রয়েছেন তিনি। বারবার মোবাইলে চোখ রাখছেন। যদি একবার ভেসে আসে, ‘বোন আমি আসছি’।

Advertisement

অশোকবাবু বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা। তিনি কর্মসূত্রে নেপালে থাকতেন। ছুটি পেলেই বর্ধমানের টিকরহাটে বোনের বাড়িতে আসতেন। ভাইফোঁটা দেওয়ার জন্য দিন গুনতেন বোন। কিন্তু প্রকৃতির রুদ্ররূপ সবকিছু ওলটপালট করে দিয়েছে। হড়পা বানে নেপালের একাংশ নিশ্চিহ্ন হয়ে যায়। সেখানকার রসুয়ায় পাওয়ার প্ল্যান্টে কাজ করতেন অশোকবাবু। জলের স্রোতে সেটিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অশোকবাবুর বোন কবিতা বলেন, সেই বিপর্যয়ের পর থেকে দাদার আর খোঁজ পাচ্ছি না। ও প্রায় দিনই ফোন করত। হড়পা বানের পর আর ফোন আসেনি। দাদার খোঁজ নিতে বহু জায়গায় যোগাযোগ করা হয়ছিল। কিন্তু ও কোথায়, কেমন আছে কেউ বলতে পারেনি। আমাদের দৃঢ় বিশ্বাস, দাদা ফিরবে। হয়তো ভাইফোঁটার সকালেই হাসতে হাসতে বাড়ি আসবে। 
দাদার ছবি নিয়ে অপেক্ষাতেই রয়েছেন কবিতা। প্রতি বছর ভাইফোঁটার দু’দিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যেত। দাদার জন্য কি কেনা হবে তা নিয়ে ফোনে দফায় দফায় আলোচনা চলত। প্লেটে বর্ধমানের বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে দাদার হাতে তুলে দিতেন বোন। এবার সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে দাদার সেই হাসি মুখ। 
কবিতা দাস বলেন, দাদার জন্য খুব মন খারাপ করে। ও পরিবারের সকলকে আগলে রাখত। অনেক সময় অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। বহু অলৌকিক ঘটনাও হয়। তাই আমার দৃঢ় বিশ্বাস, দাদা বেঁচে রয়েছে। তার কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা দেওয়ার প্রার্থনা করেছি বহুবার। তা নিশ্চয়ই বৃথা যাবে না। কথা বলতে বলতেই বেজে উঠল মোবাইল। দাদার ফোন নয়তো! চোখ মুছে মোবাইলের দিকে তাকালেন বোন। ভেসে উঠল পরিবারের অন্য আরেকজনের নম্বর। হয়তো এরপর দাদার ফোন আসবে। সেই আশাতেই রয়েছেন তিনি।