জোনাকির আলোয় আঁধার ঘোচে, বেলপাহাড়ীর দলদলি পাহাড় টানছে পর্যটকদের
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সূর্য ডুবলেই বদলে যায় পাহাড়ের চেনা ছবিটা। দিনের আলো মুছে যেতেই ঘন জঙ্গলের বুক থেকে ভেসে আসে ঝিঁঝিঁ পোকার ডাক। নিশাচর পাখির ডাকে মুখর চারপাশ। পাহাড়ের গায়ে জ্বলে অজস্র জোনাকির আলো। প্রকৃতির এমনই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে বেলপাহাড়ীর দলদলির জোনাকি পাহাড়ে  ভিড় বাড়ছে পর্যটকদের।

Advertisement

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা বেলপাহাড়ী। দিগন্তবিস্তৃত শাল-পিয়ালের জঙ্গল, উঁচুনিচু পাহাড়ের সারি, আঁকাবাঁকা পথ আর নুড়ি-পাথরে ভরা ছোটো ছোটো নদী ও জলধারা। পাহাড়ি উপত্যকায় ছোটো ছোটো গ্রাম ছড়িয়ে রয়েছে। সন্ধ্যা নামলেই গ্ৰামগুলি নিস্তব্ধ হয়ে যায়। তখনই জঙ্গল ও পাহাড়ের বুকে শুরু হয় প্রকৃতির অন্য উৎসব। অন্ধকারের মধ্যে একের পর এক জোনাকির আলো জ্বলে ওঠে। পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়া সেই আলো দেখলে মনে হবে যেন আলোর পাহাড়। পরিবেশ দূষণ, আলোক দূষণ ও তাপমাত্রা বেড়ে চলায় বিভিন্ন এলাকায় কমছে জোনাকি সংখ্যা।  বেলপাহাড়ীর দলদলি পাহাড়, শিয়ারবিন্দা, গেরুলিয়া, তেলিঘানা ও বিরগিরির গভীর জঙ্গল ও পাহাড়ি এলাকায় এখনও জোনাকির দেখা মেলে। জোনাকিরা আলোর সংকেতের মাধ্যমে সঙ্গী নির্বাচন করে। পাশাপাশি নিজেদের এলাকার সুরক্ষা ও শত্রু কীট পতঙ্গদের বিভ্রান্ত করতে আলোর নেভানো ও জ্বলা সুচুতুরভাবে ব্যবহার করে। জোনাকির টানে দলদলি পাহাড়ের আকর্ষণ ক্রমশই বাড়ছে। বেলপাহাড়ীর ইন্দিচক থেকে ৫ নম্বর রাজ্য সড়ক ধরে তামাজুড়ি ও জামজুরকি পেরোলেই দলদলি পাহাড়ের দেখা মেলে। 
দলদলির বাসিন্দা সঞ্জয় মান্ডি বলেন, সন্ধ্যার পর এই এলাকাগুলি অন্ধকারে ডুবে যায়। ঝিঁঝিঁ পোকার শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। আগে দিনের বেলাতেও এসব এলাকায় লোকজন আসতে চাইতেন না। এখন পর্যটনের কারণে মানুষের আনাগোনা বেড়েছে। পাহাড়টির সেভাবে কোনো নাম নেই। তবে জোনাকির আলোর কারণে অনেকেই একে জোনাকি পাহাড় বলে। ভুলাভেলার বাসিন্দা রাজেন হেমব্রম বলেন, রাস্তায় বাড়িতে আলো জ্বলে। যার জেরে জোনাকির সংখ্যা কমছে। গভীর জঙ্গল ও পাহাড়ে অবশ্য জোনাকি ভালোই দেখা যায়। বেলপাহাড়ীর পর্যটন ব্যবসায়ী বিধান দেবনাথ বলেন, দলদলি পাহাড়, কাঁকড়াঝোরের জঙ্গল, শিয়ারবিন্দা ও তেলিঘানার জঙ্গল এবং পাহাড়ি এলাকায় জোনাকি দেখা যায়। ভ্রমণ পিপাসুদের মধ্যে এসব এলাকায় যেতে বাড়ছে আগ্রহ।  তবে যাঁর যান, তাঁদের সন্ধ্যার পর বেশি সময় না থেকে দ্রুত ফিরে আসার জন্য বলা হয়। বেলপাহাড়ী জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মধুসূদন কর্মকারের কথায়, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পর্যটন ব্যবসায়ীরা জোনাকি পর্যটনের উদ্যোগ নিয়েছিলেন। মহারাষ্ট্রে জোনাকি উৎসব হয়। যা দেখতে পর্যটকরা ওখানে যান। পরিবেশ রক্ষার সঙ্গে পর্যটনের প্রসারও বেড়েছে। এবার ঝাড়গ্রাম জেলাতেও জোনাকি পর্যটন করা যায় কি না তার ভাবনা চিন্তা চলছে।