এবার বাঁকুড়া শহরে এসএফআইয়ের বুক স্টলে হামলা, অভিযুক্ত বিজেপি
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার বাঁকুড়া শহরে এসএফআইয়ের বুক স্টলে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। এদিন দুপুরে শহরের স্কুল ডাঙায় ওই ঘটনা ঘটে। স্টলের টেবিল উলটে দেওয়ার পাশাপাশি নেতা-নেত্রীদের হেনস্তা করা হয় বলেও অভিযোগ। হামলার মুখে বাম ছাত্র সংগঠনটি প্রতিরোধ গড়ে তুললে বিজেপির লোকজন পিছু হটে বলে নেতারা জানিয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

Advertisement

কালীপুজো উপলক্ষ্যে এসএফআই ওই বুক স্টল করেছে। সেখানেই এদিন বিজেপির লোকজন হামলা চালায় বলে অভিযোগ। এসএফআইয়ের বাঁকুড়া জেলা সম্পাদক অনির্বাণ গোস্বামী বলেন, এদিন দুপুর দেড়টা নাগাদ পাঁচজন আমাদের বুক স্টলে হঠাৎ হাজির হয়। তাদের মধ্যে বিজেপির শ্রমিক সংগঠনের এক সক্রিয় সদস্যও ছিলেন। দু’জন মদ্যপ অবস্থায় আমাদের সঙ্গে বচসা জুড়ে দেয়। দেশে বিজেপি-র সরকার থাকলেও স্টলে কেনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নেই, তা তারা জানতে চায়। স্টলে পেতে রাখা টেবিল তারা উলটে দেয়। বাধা দিতে গেলে সিপিএমের জেলা সম্পাদক দেবলীনা হেমব্রমকে হেনস্তা করা হয়। বিষয়টি জানালে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই আমাদের প্রতিরোধের মুখে পড়ে বিজেপি-র দুষ্কৃতীরা পিছু হটে। বইয়ের স্টল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হবে বলে তারা যাওয়ার সময় হুমকি দিয়ে যায়। আমরা শীঘ্রই বাঁকুড়া সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করব।  বিজেপি-র বাঁকুড়া সংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, মতাদর্শগত দিক থেকে এসএফআই আমাদের বিরোধী হলেও ওই সংগঠনের বুক স্টল ভাঙার রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। দুর্গাপুজোর সময়েও বামেরা জেলার বিভিন্ন প্রান্তে বইয়ের স্টল করেছিল। কোথাও কোনো সমস্যা হয়নি। ওরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর বই লিখে বিক্রি করছে। সাধারণ মানুষ তার প্রতিবাদ করলে বিজেপি কী করবে?  সিপিএমের কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, বাঁকুড়ায় ছাত্রদলের বুকস্টলে এদিন ভাঙচুর হয়েছে। এটা একটা নেশার মতো হয়ে যাচ্ছে। বুকস্টল পছন্দ না হলে আলাদা বুকস্টল দেওয়া যেতে পারে। কিন্তু, তা না করে আক্রমণ করা হচ্ছে। ছাত্র ও বইয়ের উপর আক্রমণ, সমাজ সভ্যতার উপর আক্রমণ। উল্লেখ্য, এবার দুর্গাপুজোর মুখেও বড়জোড়ায় সিপিএমের বুক স্টল তৈরি নিয়ে বিতর্ক ছড়ায়। দীর্ঘদিন ধরেই পুজোয় সিপিএমের তরফে বড়জোড়া চৌমাথায় বইয়ের স্টল দেওয়া হয়। এবারও বাম নেতাকর্মীরা ওই জায়গায় বাঁশের খুঁটি পুঁতেছিলেন। অভিযোগ, রাতারাতি সেই বাঁশের কাঠামোয় বজরং দলের ঝান্ডা টাঙিয়ে দেওয়া হয়েছিল। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের পাশে ওই জায়গাটি পূর্তদপ্তরের অন্তর্ভুক্ত। ফলে সেখানে কোনো রাজনৈতিক দল বইয়ের স্টল করতে পারবে না বলে বজরং দলের তরফে জানিয়ে দেওয়া হয়। সিপিএম অবশ্য সেখানকার পরিবর্তে পরে বড়জোড়ার বুকেই ব্যক্তি মালিকানাধীন একটি জায়গায় পুজোর দিনগুলিতে বইয়ের স্টল খুলেছিল। বড়জোড়ার পর এবার বাঁকুড়াতেও বামেদের বুক স্টল নিয়ে বিজেপি-র ‘অ্যালার্জি’ প্রকাশ্যে এল বলে রাজনৈতিক মহল মনে করছে।