বর্ধমান মেডিকেলে অনিয়ম আড়াল করতেই নিয়োগের তালিকা বাতিল? উঠছে প্রশ্ন
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজে নিয়োগের তালিকা বাতিলের পিছনে কি শুধুই রয়েছে স্বজনপোষণ? নাকি বড় কোনো অনিয়ম আড়াল করতেই পরিকল্পনামাফিক ছক করা হয়েছে। সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বিরোধীদের দাবি, আগের সরকারের জমানায় নিয়োগ হওয়া যুবক- যুবতীদের ধাপে ধাপে কাজ থেকে সরানোর পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন অজুহাতে তাদের উপর পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, কয়েক মাস আগে ছ’জনকে পদত্যাগ করার জন্য বলা হয়। শুনেছি তাদের কেউ কেউ দুর্নীতির সঙ্গে আপস করছিল না। সেই কারণে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে।

Advertisement

কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, পুরো প্রক্রিয়ার পিছনে মেডিকেল কলেজের দু’জন আধিকারিক রয়েছেন। নিজেদের পছন্দের লোকজনকে কাজে নেওয়া হলে অনিয়ম করতে অসুবিধা হবে না। সম্প্রতি কলেজে ছ’জনকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পর চূড়ান্ত তালিকাও তৈরি হয়ে যায়। চাকরিপ্রার্থীরা শুধু বিজেপির পছন্দের লোক না হওয়ায় প্যানেল বাতিল করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে দক্ষতাকে গুরুত্ব না দিয়ে অযোগ্যদের নিয়োগ করলে পুরো সিস্টেম ভেঙে পড়বে। 
এক আধিকারিক বলেন, বেছে বেছে অস্থায়ী কর্মীদের টার্গেট করা হচ্ছে। তাঁদের সরিয়ে নতুন করে লোক নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কর্মীদের মধ্যে আতঙ্ক রয়েছে। বারবার অনেককে একাধিকবার বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি সরকার অস্থায়ী কর্মীদের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিল। এখন উলটোটা হচ্ছে। তাদের পছন্দের লোক না হলে কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। নিয়োগের চূড়ান্ত তালিকা হওয়ার পরও তা বাতিল করে দেওয়া হচ্ছে। এমনটা আগে হয়নি। 
বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, কোনো নিয়োগেই আমাদের দলের নেতারা হস্তক্ষেপ করে না। ওসব কিছু তৃণমূলের জমানায় হত। ইন্টারভিউ না নিয়েই অনেককে চাকরি দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, নিয়োগের জন্য কমিটি তৈরি করা হয়েছে। স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।