সংবাদদাতা, মানকর: কালীপুজোর পরের দিন ঘন জঙ্গলের মধ্যে কাঁকসার রাজকুসুমে পূজিত হন দেবী বনকালী। স্থানীয়দের দাবি, ৫০০ বছরেরও বেশি সময় ধরে বনকালী পূজিত হচ্ছেন। তবে এখানে দেবীর কোনো মূর্তি আসে না। গাছের নীচে বারিঘট রেখে পুজো করা হয়। প্রাচীন এই পুজো দেখতে কয়েক হাজার মানুষের সমাগম হয়। বংশগতভাবে রায় পরিবার এই পুজোর আয়োজন করেন। কথিত আছে, একসময় এখানে দেবী মূর্তি নিয়ে এসে পুজো করা হত। গোপালপুরের ভট্টাচার্য পরিবার এই পুজোর পুরোহিত ছিলেন তখন। রাতে গভীর জঙ্গল পেরিয়ে তাঁরা এখানে পুজো করতে আসতেন। সেই সময় লাঠিয়াল, বরকন্দাজ নিয়ে পুরোহিতকে পুজোর জন্য বনের গভীরে নিয়ে আসা হত। মাঠের রাস্তা দিয়ে আসতে গিয়ে সমস্যা হত পুরোহিতের। তবু সেই সমস্যা কাটিয়েও পুজো হয়ে আসছিল। কিন্তু একবার ঝড়-বৃষ্টির সময় তাতে বিঘ্ন ঘটে। দেবীর স্বপ্নাদেশ পান ব্রাহ্মণ। দেবী নির্দেশ দেন গোপালপুরে মূর্তি পুজো করার এবং দ্বিতীয় দিনের পুজো বনকালী তলায় করার। গোপালপুরে মূর্তি পুজো করা হলেও এখানে মায়ের মূর্তি থাকে না। তারপর থেকে সেই রীতি চলে আসছে। রায় পরিবারই পুজোর দায়িত্ব পালন করে আসছে।
বনকালী পুজোয় রয়েছে একাধিক নিয়ম। যেমন পূজারী পুজোয় সময় বসার জন্য কম্বল জাতীয় কোনো আসনের ব্যবহার করতে পারেন না। প্রাচীন রীতি মেনে গাছ থেকে ডাল পাতা ভেঙে তা মাটির উপর বিছিয়ে দেওয়া হয়। তার উপরেই বসে পূজারী পুজো করেন। দেবীর প্রসাদ হাতে হাতে বিলি করা হয়। পুজো শেষ হতেই সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়ার রীতি রয়েছে। রায় পরিবারের সদস্যরা জানান, গোপালপুরের ভট্টাচার্য পরিবারের বড় কালীর সঙ্গে বনকালীর সংযোগ থাকায় গোপালপুরে মূর্তি পুজোর নৈবেদ্য সহ নানা উপকরণ রাজকুসুম থেকে পাঠানো হয়। পরের দিন সকালে গোপালপুরে আর কোনো পুজো হয় না। সেই পুজো এখানে অনুষ্ঠিত হয়। রাজকুসুমের বড়কালীর পুরোহিত, বাদ্যকার, যিনি ছাগ বলি করেছেন সকলে এসে বনকালী তলায় উপস্থিত হন। তাঁরাই পুজো সম্পন্ন করেন। এদিন উপস্থিত এক ভক্ত মিহির মালাকার বলেন, মা বনের ভিতরে এভাবেই পুজো নেন। অনেকে এখানে মূর্তি গড়ার চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি। পুজোয় বলি প্রথা আছে। দুটি ছাগ রায় পরিবারের তরফ থেকে দেওয়া হয়। তারপর মানসিকের ছাগ বলি হয়। রায় পরিবার সূত্রে জানা যায়, বংশপরম্পরায় লোহার পরিবার পুজোয় বলিদানের জায়গা তৈরি করে। পুজোর দিন দেবীকে পাঁচ সের আতপ চালের নৈবেদ্য নিবেদন করা হয়। পুজোয় ভক্তদের ব্যাক্তিগত সংকল্পের ব্যাপার নেই। পরিবারের সদস্য বিশ্বজিৎ রায় বলেন, এখানে গাছগুলিতে মায়ের ত্রিনয়ন চোখ ফুটে ওঠে। প্রতি বছর মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে। কাঁকসা রাজকুসুমে বনের মধ্যে পূজিত হন বনকালী। নিজস্ব চিত্র



