Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ব্যান’ হলেন রণবীর

টলিউডের পর এবার কি বলিউডেও ‘ব্যান’ সংস্কৃতি শুরু হল? সোমবার রণবীর সিং ব্যান হওয়ার পর এ প্রশ্নই উঠছে নানা মহলে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ব্যান করল রণবীর সিংকে।

‘ব্যান’ হলেন রণবীর
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• টলিউডের পর এবার কি বলিউডেও ‘ব্যান’ সংস্কৃতি শুরু হল? সোমবার রণবীর সিং ব্যান হওয়ার পর এ প্রশ্নই উঠছে নানা মহলে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ব্যান করল রণবীর সিংকে। গোটা ইন্ডাস্ট্রিকে রণবীরের সঙ্গে কাজ না করার বার্তা দিয়েছে ওই সংস্থা। ফারহান আখতারের ‘ডন ৩’ ছবি থেকে রণবীর হঠাৎই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে কারণেই এফডব্লিউআইসিই এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। রণবীরের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ উঠেছে। সংস্থার মুখ্য উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর। শ্যুটিং শুরুর কয়েকদিন আগে নিজের মরজি মতো নায়কের প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। নানা কারণে এমনিতেই ‘ডন ৩’ শুরু হতে দেরি হয়েছে। এরপর রণবীরের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গোটা টিমের কাছে বড়ো ধাক্কা। প্রযোজকের ক্ষতির দিকটা বিবেচনা করা উচিত। অশোক বলেন, ‘আজ যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে এই ধরনের আচরণ অন্য অভিনেতারাও করতে পারেন।’ এ বিষয়ে রণবীরের মুখপাত্র জানান, ‘ডন ৩’ সংক্রান্ত বিষয়ে সচেতন ভাবেই নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তিনি বিশ্বাস করেন, পেশাদার বা ব্যক্তিগত সমস্যার সমাধান পারস্পরিক সম্মান বজায় রেখে করা সম্ভব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ