Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাব বিশ্বকাপে ভেল্কি দেখাচ্ছেন র‌্যামোস-থিয়াগো সিলভারা, আজ লিও মেসিদের টিকে থাকার লড়াই

একরাশ প্রত্যাশার মধ্যেই ক্লাব বিশ্বকাপে অভিষেক ঘটেছিল ইন্তার মায়ামির। তবে প্রথম ম্যাচেই দুর্বল আল আহলির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেন লিও মেসিরা

ক্লাব বিশ্বকাপে ভেল্কি দেখাচ্ছেন র‌্যামোস-থিয়াগো সিলভারা, আজ লিও মেসিদের টিকে থাকার লড়াই
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া: একরাশ প্রত্যাশার মধ্যেই ক্লাব বিশ্বকাপে অভিষেক ঘটেছিল ইন্তার মায়ামির। তবে প্রথম ম্যাচেই দুর্বল আল আহলির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেন লিও মেসিরা। বরং বলা ভালো, গোলরক্ষক উসতারির সৌজন্যে কোনওক্রমে হার বাঁচায় মেজর লিগ সকারের ক্লাবটি। তাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের পরের রাউন্ডে ওঠার পথ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে পোর্তোর বিরুদ্ধে লড়াইয়ে নামছে ইন্তার মায়ামি। শেষ ষোলোর আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে ডেভিড বেকহ্যামের দলকে। আর পয়েন্ট নষ্ট মানেই কার্যত শেষ হয়ে যাবে নক-আউটের আশা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার জয়ের লক্ষ্যেই ঝাঁপাতে চাইছেন মেসিরা।

Advertisement

আল আহলির বিরুদ্ধে ছন্নছাড়া পারফরম্যান্সের জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ইন্তার মায়ামিকে। দলের ফুটবলারদের মান নিয়ে ক্ষোভ উগড়ে দেন ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডো। মেসি অবশ্য ইন্তার মায়ামিকে সাফল্য এনে দিতে বদ্ধপরিকর। ইউরোপের সেরা ক্লাবগুলির সঙ্গে তাদের মানের পার্থক্যের তারতম্য থাকলেও, ব্যক্তিগত নৈপুণ্যে দলকে টেনে তুলতে চাইছেন তিনি। আর পোর্তোর বিরুদ্ধে আরও একবার মেসি-ম্যাজিকের অপেক্ষায় ফুটবল অনুরাগীরা।
এদিকে, কেরিয়ারের সায়াহ্নে এসেও রক্ষণে ভরসা জোগাচ্ছেন সের্গিও র‌্যামোস-থিয়াগো সিলভারা। মঙ্গলবার ক্লাব বিশ্বকাপে মেক্সিকান ক্লাব মন্তেরির হয়ে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরলেন স্প্যানিশ ডিফেন্ডারটি। শক্তিশালী ইন্তার মিলানের বিরুদ্ধে জমাট রক্ষণের পাশাপাশি ম্যাচে জাল কাঁপান র‌্যামোস। শুরুতে পিছিয়ে পড়েও কোনওক্রমে হার বাঁচায় ইতালিয়ান ক্লাবটি। লাওতারো মার্তিনেজের গোলে ১-১ শেষ হয় ম্যাচ। র‌্যামোসের পাশাপাশি ক্লাব বিশ্বকাপে বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন আর এক বর্ষীয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। স্বদেশীয় ক্লাব ফ্লুমিনিজের হয়ে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরলেন ৪০ বছর বয়সি ব্রাজিলিয়ান ডিফেন্ডারটি। একইসঙ্গে নজর কাড়েন দলের আর এক বর্ষীয়ান ফুটবলার ফাবিও। ৪৪ বছর বয়সি এই দুর্গপ্রহরীর কাছেই আটকে গেল বরুসিয়া ডর্টমুন্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ