নয়াদিল্লি: ‘শিব হলেন গরিবদের দেবতা, রামচন্দ্র হলেন ধনীদের উপাস্য। আর বিজেপি হল ধনীদের দল।’ দিল্লিতে দাঁড়িয়ে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর অভিযোগ, বিজেপি তো ভগবান রামকে চুরি করে নিয়েছে। সোমবার দিল্লির অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি নেতারা কেন কখনও মঞ্চে দাঁড়িয়ে হর হর মহাদেব স্লোগান দেন না? রেবন্ত বলেন, ‘আমরা দ্রাবিড়ীয়, আর এখানকার (উত্তর ভারত) মানুষ
আর্য। আমরা ভগবান শিবের ভক্ত। আর ওঁরা ভগবান রামের ভক্ত। কিন্তু
রামকে বিজেপি চুরি করে নিয়েছে। মোদিজি কেন হর হর মহাদেব বলেন না? উভয় দেবতাই মানুষের কাছে শ্রদ্ধেয়। আসলে মোদি ও বিজেপি নেতারা এটা পছন্দ করেন না।’ লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রেবন্ত। তাঁর যুক্তি, জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বৃদ্ধি করা হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির গুরুত্ব কমে যাবে।
এদিকে, রেবন্তের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের অভিযোগ, ভগবান শিব ও রামের মধ্যে রাজনৈতিক বিভেদ তৈরির চেষ্টা করছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে সঞ্জয় দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বারাণসীর সাংসদ। আর বারাণসীর হৃদয়ে কে আছেন? ভগবান শিব। স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হিসাবে মোদি তেলেঙ্গানায় ভগবান শিবের শ্রীরাজরাজেশ্বর স্বামী মন্দিরে গিয়েছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী হরিহর ক্ষেত্র বলে পরিচিত মান্যমকোন্ডা শ্রীবেঙ্কটেশ্বর স্বামী মন্দিরেও গিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, ‘রেবন্ত আগে বলেছিলেন, মুসলিম মানেই কংগ্রেস, আর কংগ্রেস মানেই মুসলিম। এখন উনি ভগবানের মধ্যে রাজনৈতিক বিভেদ তৈরি করতে চাইছেন। দয়া করে হিন্দু ঐতিহ্যের মধ্যে ভৌগোলিক বা সামাজিক বিভাজন তৈরি করবেন না।’