অগ্রিম টিকিট বুকিংয়ে বাজিমাত, মুক্তির আগেই ১০০ কোটির দোরগোড়ায় রামায়ণ
  • ৪ নভেম্বর, ২০২৬ ১৪:৪৪
Prefer us on Google

মুম্বই, ৪ নভেম্বর: মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ পার্ট ওয়ান। প্রেক্ষাগৃহে ছবি মুক্তির ঠিক একদিন আগে অগ্রিম টিকিট বুকিং থেকেই ১০০ কোটির মাইলফলকের দোরগোড়ায় পৌঁছে গেল রণবীর কাপুর অভিনীত এই ছবি। এদিন সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম পাঁচ দিনের অগ্রিম বুকিং থেকে ছবির মোট আয় ৯৬.৫৬ কোটি টাকা। তবে সিনেমা হলগুলিতে ব্লক করা সিট বাদ দিলে প্রকৃত অগ্রিম বুকিংয়ের অঙ্ক ৭৭.৩১ কোটি টাকা। 

Advertisement

জানা গিয়েছে, ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত মোট ৮৩,০৩২টি শোয়ের জন্য ২৫.৬৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। ব্লকড সিট বাদ দিলে বিক্রি হওয়া টিকিটের সংখ্যা ২০.৫৭ লক্ষ। এর মধ্যে মুক্তির প্রথম দিন, অর্থাৎ ৫ নভেম্বরের বুকিং সবচেয়ে বেশি। প্রথম দিনের অগ্রিম বিক্রি থেকে আয় হয়েছে ৩৯.৩৫ কোটি টাকা। ব্লকড সিট বাদ দিলে সেই অঙ্ক ৩৩.৩৪ কোটি বলে জানা গিয়েছে। 
ভাষাভিত্তিক বুকিংয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে হিন্দি সংস্করণ। রবিবারের মোট অগ্রিম বুকিংয়ের প্রায় ৮২ শতাংশ এসেছে হিন্দি শো থেকে। অপরদিকে, ৩ডি সংস্করণের প্রতিও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। ২ডির তুলনায় ৩ডি শোয়ের অগ্রিম আয় অনেকটাই বেশি এখনও পর্যন্ত। শহরভিত্তিক বুকিংয়ে রবিবার শীর্ষে রয়েছে মুম্বই। এরপর রয়েছে দিল্লি-এনসিআর এবং বেঙ্গালুরু। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে মহারাষ্ট্রে।
নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সানি দেওল ও রবি দুবেও। আগামী ৫ নভেম্বর সিনেমা হলে  মুক্তি পেতে চলেছে ছবিটি। মুক্তির আগে এই বিপুল বুকিং শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।