Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

ইস্তফা রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদকের, সরে দাঁড়ালেন আরও এক সদস্য

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে আগেই ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। গঠন করা হয়েছিল সিটও।

ইস্তফা রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদকের, সরে দাঁড়ালেন আরও এক সদস্য
  • ২৬ জুন, ২০২৬ ১৮:১৯
Prefer us on Google

অযোধ্যা, ২৬ জুন: অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে আগেই ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। গঠন করা হয়েছিল সিটও। এবার ইস্তফা দিলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পক রাই। আজ, শুক্রবার তিনি ইস্তফা দিয়েছেন। তাঁরা পাশাপাশি ইস্তফা দিয়েছেন ট্রাস্টের সদস্য অনিল মিশ্রও। মনে করা হচ্ছে ট্রাস্টের অন্দরে চলা চাপ এবং চুরি অভিযোগ ওঠার পরই নৈতিক দায় স্বীকার করে ইস্তফা দিয়েছেন সাধারণ সম্পাদক। তবে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ ওঠেনি। দায়ের করা হয়নি কোনও মামলাও। কিন্তু তারপরও তাঁর দেওয়া এই ইস্তফায় অবাক হয়ে গিয়েছেন অনেকেই। কারণ দীর্ঘদিন ধরেই চম্পক রাই রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত। এরপর মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর তাঁকেই  সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি মন্দিরে অনুদানের অর্থ এবং মূল্যবান সামগ্রীর বিষয়ে বড় ধরণের তছরুপের ঘটনা সামনে আসে। অভিযোগ ওঠে, মন্দিরেরই কয়েকজন কর্মী এই কারচুপির সঙ্গে যুক্ত রয়েছেন। তারপরই ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রামশঙ্কর যাদব, রবি মিশ্র, অনুকল্প, লভকুশ, মণীশ যাদব, অবিনাশ শুক্লা, করুণেশ এবং সুভাষ শ্রীবাস্তব। তদন্ত স্বার্থে সিটও গঠন করা হয়। ধৃতদের বিরুদ্ধে চুরি, বিশ্বাসভঙ্গ, চোরাই সামগ্রী লুকিয়ে রাখা, অপরাধমূলক ষড়যন্ত্র, যৌথ ভাবে করা অপরাধ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় জিরো টলারেন্স নীতির কথাও ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেন, ভক্তদের বিশ্বাস যারা নষ্ট করেছেন তাদের কাউকে রেয়াত করা হবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ