Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

ইন্টারভিউ বিতর্ক, ব্যক্তিগত বা ধর্মীয় প্রশ্ন করা হয়নি, সাফাই রামমন্দির ট্রাস্টের

মদ্যপান করেন? নিরামিষভোজী? কপালে বা শরীরে ধর্মীয় চিহ্ন রয়েছে? উপবীত ধারণ করেন? অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সিইও নিয়োগের জন্য ইন্টারভিউতে এমনই সব প্রশ্ন করা হয়েছে বলে দাবি করেছিলেন চাকরিপ্রার্থীরাই।

ইন্টারভিউ বিতর্ক, ব্যক্তিগত বা ধর্মীয় প্রশ্ন করা হয়নি, সাফাই রামমন্দির ট্রাস্টের
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মদ্যপান করেন? নিরামিষভোজী? কপালে বা শরীরে ধর্মীয় চিহ্ন রয়েছে? উপবীত ধারণ করেন? অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সিইও নিয়োগের জন্য ইন্টারভিউতে এমনই সব প্রশ্ন করা হয়েছে বলে দাবি করেছিলেন চাকরিপ্রার্থীরাই। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই রামমন্দির সূত্রে সেই দাবি খারিজ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের সাফাই, এমন কোনো ধর্মীয় ও ব্যক্তিগত প্রশ্ন করা হয়নি প্রার্থীদের। এমনকি, হিন্দুধর্মের প্রতি কতখানি আস্থা রয়েছে প্রার্থীর সেই তথ্যও জানতে চায়নি কেউ। তাহলে কী জিজ্ঞাসা করা হয়েছে? প্রার্থীদের কাজের অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, মন্দির পরিচালনার পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা ও বড়ো মাপের অনুষ্ঠান ও কর্মী পরিচালনা প্রসঙ্গে নানা প্রশ্ন।

Advertisement

সিইও নিয়োগের জন্য তৈরি সার্চ কমিটি জানিয়েছে, বুধবার সাক্ষাৎকারের প্রক্রিয়া শেষ হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, প্রথম ধাপে প্রার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছিল। দ্বিতীয় ধাপে বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হয়। এরপর তৃতীয় ধাপে ১৬ জনকে অযোধ্যায় মুখোমুখি সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। ১১ ও ১২ আগস্ট রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ক্যাম্পাসে তাঁদের ইন্টারভিউ হয়। এই ১৬ জনের মধ্যে তিনজনের নামের একটি প্যানেল তৈরি করবে সার্চ কমিটি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাস্টই।

Advertisement
সম্পর্কিত সংবাদ