নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাত পোহালেই রাখিপূর্ণিমা। বহরমপুরের বাজারে এবার হটকেক কাচের পুঁথি ও স্টোন বসানো রাজস্থানী ঘরানার রাখি। যার একেকটির দাম ২০০ টাকা। আবার ৫০ পয়সা দামের তুলোর রাখিও মিলবে। বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড থেকে কান্দি বাসস্ট্যাণ্ড মোড়, আবার গির্জা মোড় থেকে গোরাবাজার বৃহস্পতিবার দিনভর সর্বত্রই ছিল রাখি কেনার হিড়িক। হরেক ডিজাইনের ভিড়ে এলইডি লাইটের রাখিও নজর কাড়ছে।
কান্দি বাসস্ট্যান্ড এলাকার রাখি বিক্রেতা গৌরব পালের কথায়, বিক্রি এবার ভালোই হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি নামলে ক্রেতাদের একটু সমস্যা হয়। আমার কাছে ৫০ পয়সার তুলোর রাখি থেকে শুরু করে আড়াইশো টাকারও মিলবে।
শহরের মোহনা বাসস্ট্যান্ডের কাছে এক রাখি বিক্রেতা সঞ্জীব শেখ বলেন, এবার বাজার ভালো। পাইকারি ও খুচরো সব ধরনের রাখি পাওয়া যাচ্ছে। অভিনব বেশ কিছু রাখি এসেছে। রাজস্থানী ঘরানার রাখির এবার ব্যাপক চাহিদা। যুবক, যুবতীদের যা দেখেই পছন্দ হয়ে যাচ্ছে। সন্ধ্যের দিকে দোকানে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে। স্কুল ফেরত পড়ুয়ারাও কিনছেন।
বহরমপুর শহরের গৃহবধূ নবমিতা সরকার বলেন, রাখি নিয়ে উদ্দীপনা এবারও আছে। এবার ছেলের স্কুলে রাখি বানানো হবে। সেজন্য উপকরণ কিনতে এসেছি। ভাইদের জন্যও রাখি কিনলাম। ছোটবেলায় রাখির এত অভিনব সব ডিজাইন ছিল না। এবার বাচ্চাদের প্রথম পছন্দের এলইডি-র লাইটিং রাখি। সারগাছির যুবতী তনুশ্রী মণ্ডলের কথায়, রাজস্থানী ঘরানার ডিজাইনের রাখি কিনতে এসেছি। আমার নানা রংয়ের পাথর বসানো রাখি বেশি পছন্দের। ভাইয়ের জন্য সেটাই কিনলাম।
লালগোলার বাসিন্দা শর্মিষ্ঠা সরকার বলেন, আমদের পাড়ায় রাখি উৎসব হবে। তাই পাড়ার সব দাদাদের জন্য রাখি কিনতে বহরমপুরে এসেছি। আমরা পাড়ায় বোনদেরও রাখি পরাই।