নয়াদিল্লি: কাল, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সংসদের দুই কক্ষেই বিভিন্ন ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরতে তৎপর বিরোধীরা। বিহারে নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর), জম্মু-কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো সহ পহেলগাঁও হামলা, অপারেশন সিন্দুর সহ একঝাঁক ইস্যুতে সুর চড়াবে ঐক্যবদ্ধ বিরোধী শিবির। তারা বিশেষ করে হাতিয়ার করতে চাইছে, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতেও সোচ্চার হবে বিরোধী দলগুলি। তিন মাস পেরিয়ে গেলেও পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের ধরা সম্ভব হয়নি। নিরীহ পর্যটকদের হত্যাকারী সেই জঙ্গিরা কোথায় উধাও হয়ে গেল, বিরোধীরা সেই প্রশ্নও তুলছে। এই পরিস্থিতিতেই সংসদে রণকৌশল স্থির করতে তড়িঘড়ি বৈঠকে বসলেন মোদি সরকার তথা বিজেপির একঝাঁক শীর্ষ মন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দিল্লির বাসভবনে এই বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জে পি নাড্ডা, কিরেন রিজিজু, পীযূষ গোয়েল সহ অন্যান্যরা।



