Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো ট্রাফিক চালানের মেসেজে প্রতারণা, ধৃত রাজারহাটের যুবক

রাজ্যের ভুয়ো ট্রাফিক চালানের প্রতারণায় রাজারহাটের যুবক রোহিত নস্কর গ্রেপ্তার। তদন্ত চলছে, বিস্তারিত জানুন।

ভুয়ো ট্রাফিক চালানের মেসেজে প্রতারণা, ধৃত রাজারহাটের যুবক
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হঠাৎ ট্রাফিক চালানের মেসেজ। অনলাইনে সেই ফাইন দিতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই! অল্প ভুলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট! একদল প্রতারক ভুয়ো ট্রাফিক চালান পাঠিয়ে প্রতারণা শুরু করেছে রাজ্যজুড়ে। ২০২৫ সালে ভুয়ো ট্রাফিক চালানের একটি প্রতারণার ঘটনায় রাজারহাট থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে বিধাননগর সা‌ইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রোহিত নস্কর। ধৃতকে হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রে আর কে কে যুক্ত, কীভাবে তারা এই ধরনের অপরাধ করত, সেই তথ্যের খোঁজ চলছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক চালানের মেসেজ এলে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। প্রতারকরা সেই সুযোগ নেয়। ওই ধরনের মেসেজের নীচে লিংক দেওয়া থাকে। আবার তারা অপরিচিত ডট এপিকে ফাইলও পাঠায়। দু’টি ক্ষেত্রেই লিংক ফাইলে ক্লিক করলে প্রতারকরা গ্রাহকের মোবাইলের অ্যাকসেস পেয়ে যায়। তারপর সহজেই প্রতারণা করতে পারে। যে মামলায় রাজারহাটের যুবককে গ্রেপ্তার করা হয়েছে, সেই কেসে এক ব্যক্তির মোবাইলে ভুয়ো ট্রাফিক চালানের নীচে ডট এপিকে ফাইল পাঠানো হয়েছিল। তারপর ফোন হ্যাক করে টাকা লোপাট করা হয়।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত যুবক প্রতারণার টাকায় ই-কমার্স সাইটে গিফট কার্ড রিডিম করত। সেই সঙ্গে প্রতারিত অর্থ ব্যবহার করে নানা ধরনের জিনিসপত্র কিনত। ডিজিটাল প্রমাণের উপর ভিত্তি করেই তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই লেকটাউনের এক ব্যক্তির কাছে ‘এম পরিবহণে’র নাম করে ভুয়ো ট্রাফিক চালানের মেসেজ গিয়েছিল। তাঁকে ইউপিআইয়ের মাধ্যমে এক টাকা পাঠাতে বলা হয়। তিনি এক টাকা পাঠানোর পরই দেখেন, সাড়ে ৬ লক্ষ টাকা উধাও। তারপরই বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। তিনিও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ওই ঘটনারও তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত সংবাদ