লটে মাছের কাটলেট
লটে মাছের কাটলেট
লইট্যা হোক বা লটে, যে নামেই তাকে ডাকা হোক না কেন, এই মাছের স্বাদ অতুলনীয়। তবে রান্নার ঠিক পদ্ধতি না জানলে খাবার পাতে এই মাছের কদর করতে পারবেন না। আজ লটে দিয়ে তৈরি স্ন্যাক্সের হদিশ রইল।
উপকরণ: লটে মাছ বড়ো আকারের ২টো, পেঁয়াজ বাটা ২ চামচ, আদা-রশুন বাটা ২ চামচ, কর্নফ্লাওয়ার ৪ চামচ, বিস্কুট গুঁড়ো ২ কাপ, পাতিলেবুর রস ১ চামচ কাঁচালংকা বাটা ১ চামচ, ডিম১ টা, নুন স্বাদমতো, ধনেপাতা কুচি অল্প, ভাজার জন্য তেল।
প্রণালী: লটে নরম মাছ। তাই সাবধানে মাছ কেটে কাঁচি দিয়ে চিরে তার মাঝের কাঁটা বের করে দু’টুকরো করে নিন। এবার টিস্যুপেপারে মুড়ে ভারী কিছু চাপা দিয়ে জল বের করে নিন। এবার টিস্যু থেকে ছাড়িয়ে মাছের সঙ্গে পেঁয়াজ বাটা, আদা-রশুন বাটা, নুন, কর্নফ্লাওয়ার, লংকা বাটা, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে আধ ঘণ্টা রাখুন। এবার ডিম ভেঙে তার সঙ্গে নুন যোগ করে ভালো করে ফেটিয়ে নিন। এই ডিমের ব্যাটারে মাছের টুকরোগুলো ডুবিয়ে সঙ্গে সঙ্গে বিস্কুট গুঁড়োয় কোট করে নিন। চারপাশ দিয়ে চেপে কাটলেটের আকারে গড়ে নিন। এবার গরম ডুবো তেলে সোনালি করে ভেজে পরিবেশন করুন।
কুরকুরে কুকরা
পাহাড়ের মানুষরা মুরগিকে ‘কুকরা’ বলেন। এই স্ন্যাক্স মূলত পাহাড়ে গেলে বিকেলের মেনুতে মেলে। তবে যেকোনো দিন এই সহজ রেসিপিটি বাড়িতেও বানিয়ে নিতে পারেন।
উপকরণ: বোনলেস মুরগির মাংস ২০০ গ্রাম, আদা-রশুন বাটা ২ চামচ, কাঁচালংকা বাটা ১ চামচ, ডিম ১টা, চালের গুঁড়ো ২ চামচ, বেসন ৩ চামচ, নুন স্বাদমতো, তেল ভাজার মতো, গোলমরিচ গুঁড়ো ও চাট মশলা ১ চামচ।
প্রণালী: বোনলেস মুরগিকে লম্বালম্বি ভাবে ছোটো ছোটো আকারে কেটে ভালো করে ধুয়ে নিন। এবার মুরগির টুকরোগুলি ব্লটিং পেপার দিয়ে চেপে চেপে মুছুন। এরপর চিকেনে নুন, গোলমরিচ, সব বাটা মশলা, চালের গুঁড়ো, ডিম, বেসন ভালো করে মাখিয়ে মিনিট ১৫ মতো রেখে দিন। ফ্রিজে রাখতে পারলে আরও ভালো, এতে ম্যারিনেশন চিকেনের গায়ে ভালো করে ধরবে। এর পর ম্যারিনেটেড চিকেন ডুবো গরম তেলে কুরকুরে করে ভেজে নিলেই বর্ষার দিনের স্ন্যাক্স তৈরি। উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিতে পারলে আরও স্বাদু হয়।
চিংড়ির পেঁয়াজু
নামেই মালুম, এই পদের স্টার একা চিংড়ি নয়, বরং পেঁয়াজেরও নির্দিষ্ট ভূমিকা আছে। পেঁয়াজের পরতের ভিতর ঢেকে রাখা চিংড়ির পুর এই পদে বাড়তি স্বাদ ও গ্ল্যামার যোগ করে।উপকরণ: চিংড়ি মাঝারি মাপের ১০টি, পেঁয়াজ ২টি, আদা-রশুন বাটা ২ চা চামচ, আলু সিদ্ধ ১টা, কাঁচালংকা বাটা ১ চা চামচ, ডিম ১টা, সুজি১ চামচ, নুন স্বাদমতো, ভাজার জন্য তেল, ধনেপাতা কুচি অল্প।
প্রণালী: চিংড়ি খোসা ছাড়িয়ে লেজগুলো আলাদা করে কাঁচি দিয়ে কেটে রেখে দিন। এটি সাজানোর সময় কাজে লাগবে। এবার একটা পেঁয়াজ কুচি করে নিতে হবে,আরও একটা পেঁয়াজ ৪ টুকরো অর্থাৎ ডুমো করে কেটে একটা করে পরত খুলে রাখতে হবে। একটা পাত্রে ডিম, সুজি ও নুন মিশিয়ে ফেটিয়ে ব্যাটার তৈরি করে রাখুন। এটুকু করে কাজটা এগিয়ে রাখুন। এবার আলু ও চিংড়ি সেদ্ধ করে নিন। এবার মিক্সিতে সেদ্ধ আলু, সেদ্ধ চিংড়ি, পেঁয়াজ কুচি,আদা-রসুন পেস্ট, ধনেপাতা কুচি, লংকা বাটা, নুন দিয়ে দানাদার একটা মিশ্রণ তৈরি করে নিন। এবার হাতে একটু তেল মাখিয়ে এই মিশ্রণকে ছোটো ছোটো লেচির আকারে গড়ে নিন। এবার ছাড়িয়ে রাখা চিংড়ির লেজটা এই লেচির উপরের দিকে যোগ করে দিন। লেচিগুলোকে এবার পেঁয়াজের টুকরোর পরত দিয়ে দিয়ে মুড়ে রেখে ডিম-সুজির ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।
ঝুম্পা কর্মকার