Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টিতে লাগাম আজ থেকে, অস্বস্তিকর গরমের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির মাত্রা কমবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার বৃদ্ধির জেরে অস্বস্তিকর গরম পড়বে।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টিতে লাগাম আজ থেকে, অস্বস্তিকর গরমের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির মাত্রা কমবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার বৃদ্ধির জেরে অস্বস্তিকর গরম পড়বে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। বাতাসে জলীয় বাষ্প বেশি মাত্রায় থাকার ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে হবে দক্ষিণবঙ্গে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এটা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ছিল যথাক্রমে ৯১ ও ৫০ শতাংশ। পশ্চিমাঞ্চলের কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে বা আশপাশে হয়েছে। দমদমেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুণ্ডায় (৪১.৭ ডিগ্রি)। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনও আশা নেই বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। 

Advertisement

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত আছে। এটি বিহার, উত্তরবঙ্গ ও সিকিমের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে ঝড়বৃষ্টি হবে। তবে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে যে প্রচুর বৃষ্টি হয়েছিল তা এবার কমবে। ডুয়ার্স ও কোচবিহারের বিভিন্ন জায়গায় সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১০০ থেকে ৫০  মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে পশ্চিমি শুকনো গরম বাতাস দক্ষিণবঙ্গে ঢুকছে। এই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গে গরম থেকে রেহাই পাওয়ার জন্য একগুচ্ছ পরামর্শ জারি করেছে আবহাওয়া দপ্তর। বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত রোদে বেশি সময় বাইরে না-থাকা, পর্যাপ্ত  পরিমাণে জল, ওআরএস খাওয়া, হাল্কা পোশাক পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ