নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৌসুমি বায়ুর সক্রিয়তার জন্য আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আজ অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা থাকছে দুই মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কিছু জায়গার জন্য। আজ কলকাতা, দুই ২৪ পরগনা ও হাওড়াসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দিনভর কলকাতায় এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শক্তিশালী বৃষ্টির মেঘ সঞ্চারিত হয়। কলকাতায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৮.৭ মিমি বৃষ্টি হয়েছে। গত সোমবার কলকাতায় দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টি হয়েছিল ৯০ মিমি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের নানা স্থানে কিছু সময়ের মধ্যে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বীরভূমের নলহাটিতে ৯০ মিমি এবং সিউড়িতে ৮০ মিমি বৃষ্টি হয়েছে। এইসময়ে রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি (২৫০ মিমি) হয়েছে অবশ্য কোচবিহার ও আলিপুরদুয়ারের দুই জায়গায়। ঘূর্ণাবর্তের কারণে কয়েকদিন ধরে উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় বেশি বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের ওই এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়নি।



