Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের উপর। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের কিছু অংশের উপর দিয়ে গিয়েছে।

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের উপর।  মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের কিছু অংশের উপর দিয়ে গিয়েছে। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে, উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, দুটি ঘূর্ণাবর্ত মিশে যেতে পারে। এটির গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে। ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার ব্যাপারে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছু জানায়নি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি আগামী দিনে মধ্য ভারতের দিকে যাবে। উত্তর বঙ্গোপসাগরে ১২ আগস্ট নাগাদ যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ হতে পারে বলে দীর্ঘকালীন পূর্বাভাসে জানানো হয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি অব্যাহত আছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার ম঩ধ্যে উত্তর ২৪ পরগনার বসিরহাট ও হুগলির তারকেশ্বরে সবথেকে বেশি ১১০ মিমি বৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও  পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় ৫০ মিমি বা তার বেশি  বৃষ্টি হয়েছে। কলকাতায় এই সময়ে ৬৬ ও  দমদমে  ৫০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গ জুড়ে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। কোথাও শক্তিশালী বজ্রমেঘ তৈরি হলে ভারী বৃষ্টি হবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দেশের বেশিরভাগ অংশেই এখন বেশি বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ