Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দেশের ৩২৮টি জেলায় বৃষ্টির ঘাটতি, তালিকায় প্রথম স্থানে অন্ধ্রপ্রদেশ, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ‘অতি-বর্ষণ’

দেশের মোট ৭৯২টি জেলার ৩২৮টিতেই জুন মাস থেকে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি আছে। এর মধ্যে ১৫টি জেলায় ঘাটতি খুব বেশি।

দেশের ৩২৮টি জেলায় বৃষ্টির ঘাটতি, তালিকায় প্রথম স্থানে অন্ধ্রপ্রদেশ, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ‘অতি-বর্ষণ’
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের মোট ৭৯২টি জেলার ৩২৮টিতেই জুন মাস থেকে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি আছে। এর মধ্যে ১৫টি জেলায় ঘাটতি খুব বেশি। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে, অন্ধ্রপ্রদেশের ২৮টি জেলাতেই বৃষ্টির ঘাটতি হয়েছে। কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, গুজরাত, বিহার, পাঞ্জাব প্রভৃতি রাজ্যের অধিকাংশ জেলায় বর্ষাকালীন বৃষ্টির ঘাটতি রয়েছে। সর্বাধিক ৩২টি জেলায় ঘাটতি আছে তামিলনাড়ুতে। এছাড়া কর্ণাটকে ২৭টি, বিহারে ২৮টি, তেলেঙ্গানায় ২২টি, গুজরাতে ১৮টি, রাজস্থান ও পাঞ্জাবে ১৯টি করে জেলায় বৃষ্টি কম হয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য বৃষ্টির ঘাটতি থাকা জেলা মাত্র তিনটি—দুই দিনাজপুর ও কালিম্পং। তবে এই তিন জেলায় মোট বৃষ্টির পরিমাণ বেশি।  দীর্ঘকালীন গড়ের নিরিখে যেহেতু বৃষ্টি ঘাটতির মাপকাঠি নির্ধারিত হয়, তাই এই তিন জেলা ওই তালিকায় পড়ে গিয়েছে। উত্তরবঙ্গে সার্বিকভাবে গড় বৃষ্টির পরিমাণ বেশি।

Advertisement

আবহাওয়াগতভাবে দীর্ঘকালীন গড়ের থেকে ১৯ শতাংশ কম বা বেশি বৃষ্টি হলে তা স্বাভাবিক বলে ধরা হয়। ৬০ থেকে ৯৯ শতাংশ কম হলে তা ‘বেশি ঘাটতি’ হিসাবে চিহ্নিত হয়। দেশের ১৫টি জেলা এরকম ‘বেশি ঘাটতি’র তালিকায় আছে। এবার বর্ষায় অসম ছাড়াও গুজরাতে বন্যা হয়েছে।  কিন্তু অসমের ৩৫টির মধ্যে ১১ টি জেলায় বৃষ্টির ঘাটতি আছে। উত্তর-পূর্ব ভারতে সাধারণত বেশি বৃষ্টি হয়। কিন্তু ত্রিপুরা ও নাগাল্যান্ড  ছাড়া ওই অঞ্চলের সব রাজ্যগুলির এক বা একাধিক জেলা ঘাটতির মধ্যে আছে। দেশে অতিরিক্ত বৃষ্টি হয়েছে ৯৪টি জেলায়। এর মধ্যে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা আছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার বৃষ্টির হিসাব করা হয়। ফলে এই পরিস্থিতির কিছুটা এদিক-ওদিক হতে পারে। এই মাসেই উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষার বিদায়ের প্রক্রিয়া সাধারণত শুরু হয়।
এদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি শনিবার দক্ষিণ ছত্তিশগড়ের উপর ছিল। এটি বিদর্ভ হয়ে গুজরাতের দিকে যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আরব সাগর পর্যন্ত গিয়ে এটি আবার উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে। আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে মধ্য ভারত, গুজরাতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে আজ, রবিবার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ