সংবাদদাতা, তেহট্ট: মানুষ আসুক গ্রামের পুজোয়। দর্শনার্থী টানতে প্রতিবারই তেহট্ট থানার বেতাই রেনবো ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমায় নতুনত্বের চমক থাকে। ক্লাবের কর্তারা জানান, এবার কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ ও বিভিন্ন ধরনের কড়ি ও ঝিনুক দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। এবারও প্যান্ডেল ও প্রতিমা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে। উদ্যোক্তারা জানান, গ্রাম থেকে শহরে গিয়ে অনেকে ঠাকুর দেখতে পারেন না। সেকারণে আমরা প্রতি বছরই নতুন কিছু করার চিন্তা করি। শহরের চিন্তা ভাবনাকে গ্রামের মধ্যে নিয়ে এসে প্রতি বছর বিভিন্ন ধরনের থিমের প্রতিমা করা হয়। এবার ঝিনুক ও কড়ি দিয়ে ১৪ ফুট উচ্চতার প্রতিমা তৈরি হয়েছে। উদ্যোক্তারা জানান, শুধু শহর নয়, গ্রামের এই পুজোতেও ভিড় জানাবেন দর্শনার্থীরা। এর আগেও বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের নজর কেড়েছে রেনবো ক্লাব।



