Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রত্যাশা মতো সুকান্ত শিক্ষামন্ত্রী না হওয়ায় হতাশ দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুরে সুকান্ত মজুমদার শিক্ষামন্ত্রী না হওয়ায় হতাশা। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, কেন তিনি নির্বাচিত হলেন না? বিস্তারিত পড়ুন।

প্রত্যাশা মতো সুকান্ত শিক্ষামন্ত্রী না হওয়ায় হতাশ দক্ষিণ দিনাজপুর
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নতুন শিক্ষামন্ত্রী কে হবেন, শনিবার দুপুর থেকে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল। সেই আবহেই দক্ষিণ দিনাজপুর জেলায় জোরালো দাবি উঠেছিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে ওই দায়িত্ব দেওয়া হোক। শনিবার দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন মহলে এই দাবি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। বিশেষ করে বালুরঘাটের অধ্যাপকরা এই দাবি সোশ্যাল মিডিয়ায় তুলেও ধরেন। কিন্তু শনিবার রাত ৮টা নাগাদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুরবাসীর সেই আশা হাতাশায় পরিণত হল।  

Advertisement

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকেই সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। তাঁর সাংগঠনিক দক্ষতা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে কাজের অভিজ্ঞতা এবং সংসদে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেই সমর্থকরা দাবি তুলেছিলেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর শিক্ষা মন্ত্রকের পূর্ণ দায়িত্ব এবার সুকান্ত মজুমদারের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু দিন শেষে সেইরূপ কিছু না হওয়ায় কার্যত তাঁরা হতাশ।
এনিয়ে সুকান্ত মজুমদারের তরফে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, এটা পুরোপুরি কেন্দ্রের বিষয়। এবিষয়ে কোনো মন্তব্য করব না। 
এই প্রসঙ্গে বালুরঘাটের একজন শিক্ষক উৎপল মালাকার বলেন, সুকান্ত মজুমদার দীর্ঘদিন ধরেই শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি যথেষ্ট যোগ্য ছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারের পূর্ণ শিক্ষামন্ত্রীর মর্যাদা পেলে ভালো হতো। একই সুর বালুরঘাটের বিশিষ্টজন সম্রাট দাসের গলাতেও। তিনি বলেন, বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্যে বিজেপির অন্যতম মুখ সুকান্ত মজুমদার। আমাদের কেন্দ্রের সাংসদ হিসেবে আমরা গর্বিত। অনেকদিন ধরেই সুকান্ত মজুমদারকে পূর্ণ মন্ত্রী করার একটা জল্পনা ছিল। এদিন ভেবেছিলাম তাঁকে শিক্ষামন্ত্রী করা হবে। কিন্তু তা না হওয়ায় আমরা হতাশ হলাম।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার বালুরঘাট কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন সুকান্ত মজুমদার। এরপর ২০২১ সালে তিনি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর তাঁকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রশাসনিক দক্ষতা, সংসদে সক্রিয় উপস্থিতি এবং জনমুখী কাজের স্বীকৃতিস্বরূপ তিনি সংসদ রত্ন সম্মানে ভূষিত হন। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের ক্ষেত্রেও তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রেক্ষাপটে বালুরঘাট তথা জেলাবাসীর একাংশ মানুষের প্রত্যাশা ছিল, তাঁর অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং নেতৃত্বের মূল্যায়ন করে এবার তাঁকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পূর্ণ দায়িত্ব দেওয়া হবে।  কিন্তু তা হওয়ায় বিষাদের সুর ওয়াকিবহাল মহলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ