Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃষ্টিতে প্যারেড গ্রাউন্ডে জল-কাদা, প্রধানমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

আগামী বৃহস্পতিবার শহরের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। হাতে এক সপ্তাহও নেই। অথচ মাঠে শুক্রবার পর্যন্ত মঞ্চ বাঁধার কাজ শুরুই হয়নি।

বৃষ্টিতে প্যারেড গ্রাউন্ডে জল-কাদা, প্রধানমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আগামী বৃহস্পতিবার শহরের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। হাতে এক সপ্তাহও নেই। অথচ মাঠে শুক্রবার পর্যন্ত মঞ্চ বাঁধার কাজ শুরুই হয়নি। এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মাঠে জল-কাদা হচ্ছে। তা নিয়েও গেরুয়া শিবিরের নেতাদের কপালে চিন্তার ভাঁজ।  যদিও গেরুয়া শিবিরের দাবি, কলকাতা থেকে মঞ্চের সরঞ্জাম চলে এসেছে শহরে। বৃষ্টিতে মাঠ কাদা হলেও সমস্যা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার প্রস্তুতি নিয়ে বিজেপি নেতৃত্বের এখন নাওয়া খাওয়ার ফুরসত নেই। সভার প্রস্তুতির জন্য প্রতিদিন বৈঠক চলছে দলের। শুক্রবারও দলের আলিপুরদুয়ার জেলা পার্টি অফিসে জনসভার প্রস্তুতি নিয়ে একপ্রস্ত বৈঠক হয়েছে নেতাদের। জনসভার জন্য বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিকরা মাঠ খতিয়ে দেখে গিয়েছে। বিজেপি সূত্রে খবর, আজ শনিবার মাঠ পরিদর্শন করতে এসপিজি’র লোকেরা শহরে ঢুকতে পারে। 

Advertisement

প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি নিয়ে শুক্রবারও বিজেপির জেলা পার্টি অফিসে বৈঠক হয়। বৈঠকে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সাংসদ মনোজ টিগ্গা, জেলা সভাপতি মিঠু দাস সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দলের বিধায়করাও ছিলেন। 
বৈঠকের পর বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, মঞ্চ বাঁধার জন্য কলকাতা থেকে সংশ্লিষ্ট এজেন্সির লোকজন সরঞ্জাম নিয়ে চলে এসেছে। মঞ্চ বাঁধতে সময় লাগবে না। জনসভার জন্য বৃষ্টি জল-কাদা কোনও বাধা হবে না। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর দপ্তরের লোকজন প্যারেড গ্রাউন্ড খতিয়ে দেখে গিয়েছে। আলিপুরদুয়ারের এমপি মনোজ টিগ্গা বলেন, শনিবার মাঠ দেখতে আসছে এসপিজির লোকজন। 
বিজেপি নেতৃত্ব জানিয়েছে, প্রধানমন্ত্রীর এটা দলীয় জনসভা নয়। সেনাকে সম্মান ও কুর্নিশ জানাতে প্রধানমন্ত্রী জনসভা করবেন। মাঠে এক লক্ষ মানুষের জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার ছাড়াও কোচবিহার ও জলপাইগুড়ি জেলা থেকে দলীয় কর্মী সমর্থকরা সভায় আসবেন। 
মাঠ ভরাতে বিজেপি জেলায় দলের প্রতিটি মণ্ডল থেকে লোক আনবে। তারজন্য গাড়ি পাঠানো হবে মণ্ডলে মণ্ডলে। দলের রাজ্য সাধারণ সম্পাদক দীপকবাবু বলেন, মণ্ডল কমিটির চাহিদা অনুসারে প্রতিটি মণ্ডলে গাড়ি পাঠানো হবে। পাশের দুই জেলা থেকেও দলীয় কর্মী সমর্থকরা আসবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ