Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতভর বৃষ্টি, বীরপাড়ায় গ্যারগেন্দা সেতুতে ধস, ভুটান ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ গঙ্গার

ভুটান পাহাড় থেকে প্রতি বর্ষায় নেমে আসা জলে বিপর্যস্ত জয়গাঁর হাল ফেরাতে কোনও উদ্যোগই নিচ্ছে না ভুটান ও জেলা প্রশাসন

রাতভর বৃষ্টি, বীরপাড়ায় গ্যারগেন্দা সেতুতে ধস, ভুটান ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ গঙ্গার
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুটান পাহাড় থেকে প্রতি বর্ষায় নেমে আসা জলে বিপর্যস্ত জয়গাঁর হাল ফেরাতে কোনও উদ্যোগই নিচ্ছে না ভুটান ও জেলা প্রশাসন। তা নিয়েই শনিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও ভুটানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জেডিএ’র চেয়ারম্যান ও জেলা পরিষদের দলনেতা গঙ্গাপ্রসাদ শর্মা। জেলা প্রশাসনের বিরুদ্ধে গঙ্গাপ্রসাদ শর্মার এই ক্ষোভ ভাইরাল হতেই আলিপুরদুয়ার জেলাজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। 

Advertisement

এদিকে, শুক্রবার রাতভর বৃষ্টির জেরে মাদারিহাটের বীরপাড়ার কাছে জেলার লাইফ লাইন ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের গ্যারগেন্দা সেতুতে ব্যাপক ধস তৈরি হয়েছে। ধসের জেরে গ্যারগেন্দা নদী গতিপথ বদল করছে। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন জেলাশাসক আর বিমলা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
শুক্রবারের রাতের বৃষ্টিতে মুজনাই নদীর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে মাদারিহাটের রাঙালিবাজনা পঞ্চায়েতের মধ্য ও দক্ষিণ খয়েরবাড়ি মৌজার কিছু অংশ। শনিবার দুপুরের পরে জল অবশ্য নেমেও যায় এলাকাগুলি থেকে। রাতের বৃষ্টিতে নালা উপচে নোংরা জল বীরপাড়ার সুভাষপল্লি, বীরবিটি ও কলেজপাড়ার বহু বাড়িতে ঢুকে যায়। 
শনিবার ভোরের দিকে ভুটান থেকে নেমে আসা হড়পা বানের জলে প্লাবিত হয়েছে জয়গাঁর খোকলাবস্তি। গোবরজ্যোতি নদী, খারখোলা, বামনি ও যোগীখোলা ঝোরা দিয়ে ভুটান থেকে আসা ওই জল খোকলাবস্তিকে প্লাবিত করে। ভুটানের বালি, নুড়ি পাথর ও ডলোমাইট মিশ্রিত জল ঘরে ঘরে ঢুকে যায়। এদিন সকালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসে গঙ্গাপ্রসাদবাবু ভুটান ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরে সাংবাদিক সম্মেলনে করে বলেন, ভুটানকে অন্তত ৪০ বার তাদের দেশের জল আটকাতে বলা হয়েছিল। ভুটান প্রশাসনের কর্তাদের সঙ্গে গোবরজ্যোতি নদী ও ঝোরাগুলি পরিদর্শনও করা হয়েছিল। সেচদপ্তর সহ আলিপুরদুয়ার জেলা প্রশাসনকেও নদী ও ঝোরাগুলির ড্রেজিং করতে বলা হয়েছিল। কিন্তু ভুটান ও আমাদের জেলা প্রশাসন চুপচাপ বসে আছে। ভুটান যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে আজ, রবিবার জনগনকে নিয়ে ভুটান গেট অবরুদ্ধ করা হবে। 
শাসকদলের জনপ্রতিনিধি গঙ্গাপ্রসাদবাবু এভাবে ভুটান গেট অবরুদ্ধের হুমকি দেওয়ায় শোরগোল পড়েছে প্রশাসনে। যদিও জেলাশাসক আর বিমলা বলেন, ভুটানের জলের বিষয়টি বৈদেশিক বিষয়। জয়গাঁর নদী, ঝোরাগুলিতে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। গ্যারগেন্দা সেতুতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস মেরামতে কাজ শুরু করেছে। ওই সেতুর পাশে একটি ডাইভারশন করা হবে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের ১০ নম্বর ডিভিশনের ইঞ্জিনিয়ার জীতেন্দ্র প্যাটেল বলেন, যান চলাচলের জন্য ওয়ানওয়ে রাস্তা খোলা রেখে গ্যারগেন্দা সেতুর ধস মেরামতের কাজ শুরু করা হয়েছে। সেতুর একটি পিলারও বসে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ