Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সভা, ৩০০ কোটির পরিষেবা-পরিকাঠামোর সূচনা

উপনির্বাচনের প্রাক্কালে প্রায় তিনশো কোটি টাকার উন্নয়ন ও পরিষেবার প্রকল্প নিয়ে আজ, সোমবার রেয়াপাড়ায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সভা, ৩০০ কোটির পরিষেবা-পরিকাঠামোর সূচনা
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: উপনির্বাচনের প্রাক্কালে প্রায় তিনশো কোটি টাকার উন্নয়ন ও পরিষেবার প্রকল্প নিয়ে আজ, সোমবার রেয়াপাড়ায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম-১ ও ২ ব্লকের একাধিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রেয়াপাড়া শিবমন্দির ময়দানে এই সভা হবে। জেলার অন্যান্য মন্ত্রী ও বিধায়ক, জেলা প্রশাসন ও পুলিশের অফিসাররা উপস্থিত হবেন। ওই সভা থেকে একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করা ছাড়াও পরিষেবা প্রদান এবং হলদিয়া শিল্পাঞ্চলে কর্মসংস্থানের বিশেষ অভিযান নিয়ে ঘোষণা হবে। মুখ্যমন্ত্রীর সরকারি সভায় অন্নপূর্ণা যোজনা প্রাপক মহিলাদের বেশি করে জমায়েত করার নির্দেশ পাঠানো হয়েছে। সেইমতো দুই ব্লকের প্রশাসন এনিয়ে তৎপর হয়েছে। রবিবারও জেলা প্রশাসনের অফিসাররা রেয়াপাড়ায় গিয়ে প্রস্তুতি নিয়ে দিনভর তদারকি করেন। 

Advertisement

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা(গ্রামীণ) সমীক্ষা শেষে নন্দীগ্রাম-১ ও ২ ব্লকে ১১হাজার ২৩৪টি পরিবার নতুন পাকাবাড়ি তৈরির অনুদান পাবে। এজন্য ১৩৪কোটি ৮০লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়া, ওই দুই ব্লকে ৭১৭৪টি পরিবারকে আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির ৬০হাজার করে আরও ৪৩কোটি চার লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া, বিকশিত ভারত জি রামজি প্রকল্পে ৩১কোটি ৮৪লক্ষ টাকায় ৩৪০টি কাজের সূচনা হবে। নন্দীগ্রাম বিধানসভায় ৩৬টি গ্রামীণ রাস্তা মেরামত করা হবে। মোট ২৫কিলোমিটার রাস্তা মেরামত করা হবে। এজন্য খরচ হবে ১১কোটি ৫৬লক্ষ টাকা। স্বচ্ছ ভারত স্কিমে এক হাজার পরিবারকে শৌচাগার তৈরির জন্য অনুমোদনপত্র দেওয়া হবে। এজন্য ১কোটি ২০লক্ষ টাকা খরচ হবে। ১০টি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হবে। ব্যয় হবে ৩০লক্ষ টাকা। স্টেট রুরাল লাইভলিহুড মিশন স্কিমে নন্দীগ্রামের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৬৫কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। সোমবার রিভলভিং ফান্ডে আরও ৬০লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া, কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডে আরও চার কোটি টাকা দেওয়া হবে। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের(এনএসএপি) অধীন ৮৫৩৭উপভোক্তাকে ১কোটি ৩০লক্ষ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে।সরকারি এই অনুষ্ঠান থেকে ব্যক্তিগত পরিষেবা প্রদানে জোর দেওয়া হবে। সেইসঙ্গে রাস্তাঘাট, হরিপুরে নতুন দমকল কেন্দ্র এবং বিরুলিয়া ও নন্দীগ্রাম থেকে কলকাতা যাওয়ার জোড়া এসবিএসটিসি বাস চালু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হরিপুরে নতুন দমকল কেন্দ্র তৈরি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সেখানে দমকলের ইঞ্জিন নিয়ে যাওয়া হয়েছে। ভোটের আগে পরিষেবা ও পরিকাঠামোয় জোর দেওয়ার পাশাপাশি বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিষয়েও ঘোষণা হবে। হলদিয়ার বিভিন্ন শিল্পসংস্থায় শূন্যপদের তালিকা সংগ্রহ করেছে জেলা প্রশাসন। আগামী ৫সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক বিডিও অফিস এবং পুরসভা অফিসে ড্রপবক্সে আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে। নন্দীগ্রামেও এই কর্মসূচিতে বেশ সাড়া পড়েছে। মুখ্যমন্ত্রী এই বিশেষ অভিযান সম্পর্কেও ঘোষণা করবেন বলে প্রশাসনিক সূত্রের খবর।  নন্দীগ্রামের রেয়াপাড়াতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার প্রস্তুতি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ