শিলিগুড়িতে আইআইটি অথবা আইআইএম, ঘোষণা শুভেন্দুর
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুব্রত ধর, শিলিগুড়ি: দীপাবলির মুখে শিলিগুড়িতে কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মিনি সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর উত্তরবঙ্গের পাহাড়-সমতলের জন্য ঘোষণা করেন একাধিক প্রকল্প। সেখানে আইআইটি অথবা আই আইএম। এইমস থেকে ক্যানসার সেন্টার, রেল থেকে বিমান, চা বাগান থেকে পর্যটন শিল্প, একাধিক মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প রয়েছে। সেইসঙ্গে তাঁর বক্তব্য,শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ আমাদের ভদ্রাসন। কাজেই উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ নয়। 

Advertisement

সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরায় আসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে উত্তরকন্যায় পৌঁছন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও জিটিএ’র কাজকর্ম পর্যালোচনা করেন। পরে শিলিগুড়ি শহরের মহাত্মা গান্ধী মোড়ে বিজেপির পথসভায় মুখ্যমন্ত্রী বলেন, ছ’মাসে এখানে ১০ বার এলাম। বিজেপিকে প্রথম জায়গা দিয়েছে দার্জিলিং। ২০০৯ সালে লোকসভা ভোটে প্রথম আমাদের প্রার্থী জয়ী হন। এটা ভোলার নয়। তাই উত্তরবঙ্গের পাহাড়-সমতলে উন্নয়নের কোনো খামতি রাখব না। 
এরপরই  সভায় একগুচ্ছ নয়া প্রকল্পের ঘোষণা করেন। রায়গঞ্জে এইমস হলে জলপাইগুড়িতে ক্যানসার সেন্টার হবে। কালিম্পং, আলিপুরদুয়ার ও বালুরঘাটে হবে মেডিকেল কলেজ। আমাদের ‘ভদ্রাসন’ শিলিগুড়িও বাদ যাবে না। জায়গা খুঁজছি। এখানে আইআইটি কিংবা আই আইএম হবে। এমপি রাজু বিস্তার উদ্যোগেই এখানে জাতীয় সড়ক সম্প্রসারণ হয়েছে। অমৃত ভারত প্রকল্পে এনজেপি স্টেশন সংস্কার হচ্ছে। বন্দেভারত ট্রেন চালু হয়েছে। বন্ধ চা বাগানগুলির মধ্যে একটি খোলা হয়েছে। টি ট্যুরিজম, পর্যটন শিল্পে জোর দেওয়া হবে। রেলের আরও কাজ হবে। এপ্রিল মাসে হাসিমারা বিমানবন্দর থেকে উড়ান চালু হবে। এরপর কলাইকুণ্ডা, পুরুলিয়া সহ ২০২৯ সালের নির্বাচনের আগে সবক’টি বিমানবন্দর চালু করব। এরপর ধরব মালদহ বিমানবন্দর। 
সভায় নির্মীয়মাণ একগুচ্ছ প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে ৪১০টি প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৩১৩ কোটি টাকা। আর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ১০০৮টি প্রকল্পের কাজ করছে। যারজন্য বরাদ্দ হয়েছে ১১০০ কোটি টাকা। সংশ্লিষ্ট প্রকল্পগুলির অগ্রগতি প্রশাসনিক বৈঠকে পর্যালোচনা করা হয়। এরবাইরে দীপাবলি, কালীপুজো, ছট ও কোচবিহারের রাসমেলার প্রস্তুতি পর্যালোচনা করেছি। প্রশাসনিক ওই বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়, দার্জিলিংয়ের সাংসদ প্রমুখ সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তারা ছিলেন। পরে দার্জিলিংয়ের এমপি বলেন, ৯ ডিসেম্বর কালিম্পংয়ে মেডিকেল কলেজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক ও শিলিগুড়ি হাসপাতালের সংস্কার করার সিদ্ধান্ত হয়েছে। কার্শিয়াং থেকে দার্জিলিং ২১ কিমি রোপওয়ের অনুমোদন হয়েছে। এছাড়া, লেবংয়ে আধুনিক স্টেডিয়াম, ঐতিহাসিক মহাকাল মন্দির সংস্কার ও সৌন্দর্যায়নে ১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। রাজ্য সরকারের ট্যুরিস্ট লজগুলি সংস্কারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।