Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলপাহাড়ীতে নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ, শাস্তির দাবি

বেলপাহাড়ী এলাকায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। রবিবার আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাসিন্দারা শিলদা-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

বেলপাহাড়ীতে নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ, শাস্তির দাবি
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বেলপাহাড়ী এলাকায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। রবিবার আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাসিন্দারা শিলদা-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবকের বাড়িও ভাঙচুর করে। মহিলারা প্ল্যাকার্ড হাতে ন্যায় বিচারের দাবি তোলেন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। ধর্ষণের ঘটনা ঘটে গত ২৩ আগস্ট রবিবার। ২৫ আগস্ট মঙ্গলবার বেলপাহাড়ী থানায় অভিযোগের পর এথেলার বাসিন্দা অভিযুক্ত রূপকুমার দাসকে গ্ৰেপ্তার করা হয়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে নাবালিকা গ্ৰাম থেকে সাইকেলে করে এথেলা গ্ৰামে আসে। সেখান থেকে শিলদায় টিউশনি পড়তে যাওয়ার জন্য টোটোয় চাপে। টোটোয় একাই ছিল ওই নাবালিকা। টোটো চালক বিড়িডাঙা এলাকা থেকে একজন রোগীকে তুলে ঘুরে শিলদার দিকে যাবে বলে জানায়। রাস্তার মাঝে জঙ্গলে চালক টোটো থামায়। এরপর ওই নাবালিকাকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগ, বাবা-মায়ের কাছে মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় টোটোচালক। এই ভয়ও দেখায় ঘটনা প্রকাশ্যে এলেই সে ও তার পরিবার সমাজচ্যুত হবে। গত সোম ও মঙ্গলবার দু’দিন স্কুলে না যাওয়ায় নাবালিকার মা তার কারণ জানতে চান। এরপর ওই নাবালিকা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। পরিবারের সদস্যরা গত মঙ্গলবার বেলপাহাড়ী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওইদিনই টোটোচালককে গ্ৰেপ্তার করে পুলিশ। পরিবারের এক সদস্য বলেন, এই ঘটনায় আমরা খুবই বিচলিত হয়ে পড়েছিলাম। পরে বিষয়টি আমাদের সমাজের নেতৃত্বকে জানানো হয়। সকল স্তরের মানুষ ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার রাস্তায় নেমেছে। আমরা দোষীর কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। 
ভারত জাকাত সান্তাড় পাঠুওয়ৌ রাজ্য কমিটির সদস্য সরক হেমব্রম বলেন, শুধু গ্রেপ্তার নয়, দ্রুত তদন্ত শেষ করে আদালতে মামলার নিষ্পত্তি করতে হবে। অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। জেলা তৃণমূলের নেতা সুমন সাহু বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। জেলায় মহিলাদের বিশেষ করে জঙ্গল অধ্যুষিত এলাকার  মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। বিনপুরের বিধায়ক প্রণত টুডু বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তদন্তে যেন গাফিলতি না হয় সে জন্য পুলিশকে বলা হয়েছে। পরিবারের সদস্যরা অবশ্যই সুবিচার পাবে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্ৰেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ