সংবাদদাতা, উলুবেড়িয়া: ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বাদ যায়নি হাওড়া গ্রামীণ জেলাও। জগদ্ধাত্রী পুজোর উৎসবের শেষ লগ্নে এই বৃষ্টিতে যথেষ্ট সমস্যায় উদ্যোক্তারা। বৃষ্টিতে মণ্ডপের ক্ষতি তো হয়েছেই, পাশাপাশি পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে।
স্বভাবতই মন খারাপ পুজো উদ্যোক্তাদের। যেমন উলুবেড়িয়া ধুলাসিমলা টিম অব স্পোর্টস। এই পুজো কমিটির এবারের ভাবনা পাহাড়ের চূড়ায় জগৎজননী। মণ্ডপে প্রতিমার জায়গাটা ছাড়া অধিকাংশটাই খোলা আকাশের নীচে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাতের কারণে মাথায় হাত এই পুজোর উদ্যোক্তাদের। মণ্ডপে থাকা একাধিক দেবদেবীর মূর্তি জলে নষ্ট হতে বসেছে। পলিথিন দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করলেও খুব একটা লাভ হচ্ছে না। পুজো কমিটির সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, বৃষ্টি সব নষ্ট করে দিল। মণ্ডপ নষ্ট হওয়ার পাশাপাশি একাধিক অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। শুক্রবার পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হযেছিল। সব বাতিল করতে হয়েছে।
বাগনান যুবক বৃন্দেরও একই অবস্থা। পুজো কমিটির এক সদস্য জানান, বৃহস্পতিবার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হযেছিল। বৃষ্টির কারণে প্রতিযোগীর সংখ্যা অনেক কম হয়েছে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃষ্টির জন্য সেটাও বাতিল করতে হয়েছে। অন্যদিকে নবমীর পর দশমীতেও অনেকে প্রতিমা, মণ্ডপ দেখার পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। উলুবেড়িয়ার একাধিক মানুষের বক্তব্য, এখানে বাউড়িয়ার পাঁচলায় জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। বুধবার নবমীর দিন ভিড় এড়াতে দশমীর দিন ঠাকুর দেখার পরিকল্পনা করেছিলাম। বৃষ্টি সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে।



