নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার কালীপুজোর দিনটি ঝকঝকে বৃষ্টিহীন ছিল। তবে আজ বুধবার ভাইফোঁটার দিনে রাজ্যের বিভিন্ন জেলার কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দুপুর থেকে দক্ষিণবঙ্গে কলকাতায় এবং দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলার কিছু স্থানে আকাশ মেঘলা ছিল। বজ্রগর্ভ মেঘ সৃষ্টির পর বৃষ্টিও হতে শুরু করে। বৃষ্টিও হয়েছে কিছু এলাকায়। বিকেল পর্যন্ত রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় দমদমে (১৮.১ মিমি)। বৃষ্টি হয়েছে সল্টলেকে ১২.৭ মিমি এবং কলকাতায় (আলিপুরে) ৩ মিমি।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আজ বুধবার প্রায় এরকম পরিস্থিতিই চলতে পারে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস বায়ুমণ্ডলের নীচের স্তরে এসেছে। অন্যদিকে, শুকনো পশ্চিমি বাতাসও আসছে। দুটির সংঘাতে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। আবহাওয়া অধিকর্তা জানান, সোমবার রাত থেকে যে বৃষ্টি শুরু হবে তা আগেই অনুমান করেছিলেন তাঁরা। সেইমতো পূর্বাভাসও দেওয়া হয়েছিল। তবে পশ্চিমি বাতাসের প্রবাহ আরম্ভ হয়েছে কিছুটা পরে। তাই বৃষ্টি শুরু হতে দেরি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি কমবে। বৃহস্পতিবারের জন্য উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের কিছু স্থানে আগামীকালও বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে গোটা রাজ্যে আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এমনই।
এদিকে, ১৩ নভেম্বর শুক্রবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেটি এরপর উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে গিয়ে শক্তি বাড়িয়ে নেবে। শনিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কি না সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। রাজ্যে এই সিস্টেমটির কোনো প্রভাব তেমন পড়বে না বলে আপাতত মনে করছে আবহাওয়া দপ্তর। তাই শুক্রবার থেকে পরবর্তী কয়েকদিন রাজ্যে শুকনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিকর্তা জানান, নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পূর্বাভাস দেওয়া হবে।
পুবালি বাতাস সক্রিয় হতেই বাতাসে জলীয়বাষ্প বৃদ্ধির জন্য কলকাতাসহ অনেক স্থানে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। কয়েকদিন আগে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে নেমে এসেছিল। দক্ষিণবঙ্গে এদিন সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (১৮ ডিগ্রি)। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে সর্বনিম্ন তাপমাত্র ছিল কোচবিহারে (১৬.৬ ডিগ্রি)।



