নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত আমন ধান। নষ্টের মুখে পড়েছে বিঘার পর বিঘা জমির ধান। এই পরিস্থিতিতে সহায়ক মূল্যে ধান কেনার কর্মসূচিতেও ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা। হুগলি জেলায় আগামী মরসুমে প্রায় তিন লক্ষ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা দিয়েছে খাদ্য দপ্তর। আগামী ১ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে সিপিসি থেকে ধান কেনা শুরু হওয়ার কথা। কিন্তু, ধান ঘরে তুলে সরকারকে বিক্রির জন্য প্রস্তুত করাই এখন চ্যালেঞ্জ চাষিদের কাছে। এরজন্য ধান কেনার কাজ দেরি হতে পারে বলে মত খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন।
হুগলি জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক বলেন, ধান কেনার লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে বৃষ্টিতে ধানের ক্ষতি নিয়ে চাষিরা ব্যাপক সমস্যায় পড়েছেন। ওই ধান শুকিয়ে বিক্রির জন্য সিপিসিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিছুদিন দেরি হতে পারে। একইসঙ্গে ধানে ময়েশ্চার থাকা নিয়েও সমস্যা হতে পারে। সব বিষয়গুলিই আমাদের নজরে রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতি ও শুক্রবার দিন ও রাতভর বৃষ্টি হয়েছে হুগলি জেলা সহ আরামবাগ মহকুমায়। তার আগেই অনেক জায়গায় ধান কাটা শুরু করেছিলেন চাষিরা। অনেকে আবার ধান কেটে মাঠেই রেখেছিলেন। কিন্তু, বৃষ্টির ফলে সেই জল ধান জমিতে দাঁড়িয়ে পড়ে। চাষিরা নিকাশি নালা কেটে জল বের করার চেষ্টা করছেন। কিন্তু, তাতে কতটা পাকা ধান বাঁচানো যাবে তা নিয়ে সন্দিহান চাষিরা। এই অবস্থায় চাষিরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
কৃষি দপ্তর সূত্রে খবর, আরামবাগ মহকুমায় প্রায় ৬৩ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছিল। তারমধ্যে সাত হাজার হেক্টরের বেশি জমিতে ধান ক্ষতির মুখে পড়েছে বলে কৃষি দপ্তর রিপোর্ট পাঠিয়েছে। আর কিছুদিনের মধ্যেই সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু করার কথা খাদ্য ও সরবরাহ দপ্তরের। এরজন্য আরামবাগ মহকুমায় ছ’টি সিপিসি খোলা হয়েছে। চাষিরা সেখানে সহায়ক মূল্যে ধান বিক্রির প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু, তার মাঝে কার্যত পাকা ধানে মই পড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। রবিবার সকালেও আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ ক্ষতিগ্রস্ত ধানজমি দেখতে যান। কথা বলেন চাষিদের সঙ্গেও। সরকারিভাবে পাশে থাকার বার্তাও দিয়েছেন।
কংগ্রেস নেতা সুশীল সাঁতরা বলেন, বৃষ্টির জেরে যেভাবে ধানের ক্ষতি হয়েছে। অবিলম্বে প্রশাসনকে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
গোঘাটের এক চাষি প্রশান্ত সেন বলেন, প্রত্যেক বছর সিপিসি গিয়েই সহায়ক মূল্যে ধান বিক্রি করি। এবারও তেমনই পরিকল্পনা ছিল। কিন্তু, বৃষ্টিতে ধান ভিজে গিয়েছে। এখন তা শুকাতে দুবেলা ধান উলটে আসতে হচ্ছে। সেখান থেকে কতটা পরিমাণ ধান পাওয়া যাবে তা নিয়ে ধন্দে আছি। ফলে কবে সিপিসিতে গিয়ে ধান বিক্রি করতে পারব তার নিশ্চয়তা নেই।



