নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা ও দার্জিলিং: দার্জিলিং চা ফের বিশ্বে ডঙ্কা বাজাবে। রবিবার বাগডোগরা বিনামবন্দরে এ কথা বলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। একইসঙ্গে তিনি কার্শিয়াংয়ে জানান, স্বচ্ছ্বতার সঙ্গে চায়ের ১০০ শতাংশ নিলাম করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে টি বোর্ড। আর নিলাম ব্যবস্থা চাঙ্গা করতে একটি টিম নিয়োগ করা হবে। এজন্য এদিন কার্শিয়াংয়ে তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।
দার্জিলিং চায়ের নাম বিশ্বজোড়া। ইদানিং সেই গৌরব কিছুটা হারিয়েছে। অভিযোগ, প্রতিবেশী রাষ্ট্র নেপালের চা দাজিলিং চা বলে চালানোর চেষ্টা চলছে। তাছাড়া, দার্জিলিং চায়ের গুণমানও কিছুটা নষ্ট হয়েছে। এদিন শিলিগুড়িতে আসেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল ও দলের উত্তরবঙ্গে কো-কনভেনর রাজু সাহা।
বিমানবন্দরে মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চা নিয়ে তেমন কাজ হয়নি। সেই সময় চা নিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলি আটকে যায়। এখন সেই কাজ তরান্বিত হচ্ছে। দার্জিলিংয়ের চা ফের নিজের গৌরব ফিরে পাবে। গোটা বিশ্বে দার্জিলিং চা নিজের ডঙ্কা বাজাবে। সেই সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় উন্নয়নের কাজ চলছে। ব্যবসা, বাণিজ্য ও উন্নয়ন হচ্ছে। মানুষের মানোন্নয়ন হচ্ছে। এর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার কাজ করছে। সেই সঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন ভারতে বিদেশি মুদ্রায় সোনা না কেনার জন্য। দেশের জনগণ তা শুনেছিল। সোনার আমদানি কম হওয়ায় দাম কমেছে।
এরপর কার্শিয়াংয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি মকাইবাড়িতে একটি হোটেলে ছোটো ও বড়ো চা বাগানের মালিক, ফ্যাক্টরির মালিক, ব্যবসায়ী, টি বোর্ড, গবেষণা কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও কার্শিয়াংয়ের বিধায়ক সোনম লামা ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী বলেন, দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের চা বাগান ও চা শিল্প বাঁচিয়ে রাখা, চায়ের রপ্তানি বাড়ানো, নিলাম বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। কিছু পরামর্শ এসেছে। বৈঠকে গুণগতমান সম্পন্ন চা উৎপাদনে নতুন পদ্ধতি গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে। সেইসঙ্গে চা শ্রমিকদের ভবিষ্যৎ উজ্জ্বল করাই আমাদের লক্ষ্য। এজন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় ৩১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া, টি রিসার্চ সেন্টারগুলিকে সহায়তা দেওয়াই আমাদের লক্ষ্য। মন্ত্রী এদিন রোহিণীতে তিস্তা ফেস্ট উৎসবেও অংশ নেন।



