যত খুশি টাকা রাখা যাবে পিএফ অ্যাকাউন্টে, অবসরের পর ২০ বছর পর্যন্ত মিলবে সুদ, অছি পরিষদের প্রস্তাব কেন্দ্রকে
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: অবসরের পর শুধুমাত্র সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা কিস্তিতে টাকা তোলার সুযোগ নয়। অছি পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তে বদলে যেতে চলেছে পিএফ সংক্রান্ত গোটা সিস্টেমই। কারণ, এরপর পিএফের অ্যাকাউন্টে যত খুশি টাকা রাখতে পারবেন গ্রাহক। এখন যা কর্মীর বেতন থেকে কেটে নেওয়া নির্দিষ্ট অঙ্কেই সীমাবদ্ধ। এবং সেই টাকা সংস্থা কেটে নিয়ে পিএফ দপ্তরে জমা করে। নতুন ব্যবস্থা কার্যকর হয়ে গেলে, সেই অঙ্কের বাইরেও পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন কর্মী। এখানেই শেষ নয়। অবসরের পর ২০ বছর পর্যন্ত রেখে দেওয়া যাবে সেই টাকা। মিলবে তার উপর সুদও।

Advertisement

বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট অঙ্ক কোম্পানি কেটে সরাসরি পাঠিয়ে দেয় ওই কর্মীরই পিএফ অ্যাকাউন্টে। একই পরিমাণ টাকা জমা পড়ে তাদের তরফেও। অছি পরিষদের এই নতুন প্রস্তাব শ্রমমন্ত্রক ও অর্থমন্ত্রকের সবুজ সংকেত পেয়ে গেলে কর্মীর টাকা জমার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আর থাকবে না। যখন খুশি, যত খুশি টাকা তিনি পিএফে রাখতে পারবেন। এমনকি তাঁর চাকরিদাতা সংস্থার সঙ্গে এর কোনো সম্পর্কও থাকবে না। তারা তাদের নির্দিষ্ট অঙ্ক পিএফ অ্যাকাউন্টে জমা করবে। কিন্তু গ্রাহক চাইলে তার থেকে বেশি রাখতেই পারবেন। এর ফলে কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। একদিকে তাঁরা বেশি সুদে ‘নিরাপদ’ পিএফ অ্যাকাউন্টে টাকা জমাতে পারবেন। কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। অন্যদিকে, অবসরের পরও বেশি সুদে পিএফ অ্যাকাউন্টে টাকা রেখে তা কিস্তিতে তোলার সুযোগ পাবেন। এখন তা তিন বছর পর্যন্ত সীমাবদ্ধ। তারপর আর গ্রাহক সুদ পান না। নতুন ব্যবস্থা কার্যকর হলে অবসরের পর পেনশনের পাশাপাশি একটা নিয়মিত আয়ের ব্যবস্থা থাকবে। এই সুবিধা অবশ্য সম্পূর্ণ স্বেচ্ছামূলক। কেউ নিতে না চাইলে তাঁকে বাধ্য করা হবে না। পিএফ সদস্যের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা নির্ভরশীলরা বাকি টাকা একবারে তুলতে পারবেন অথবা কিস্তিতে নিতেও অসুবিধা হবে না। তবে, কত বছর এই সুবিধা পাওয়া যাবে, তা সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে কেন্দ্রীয় অছি পরিষদের সদস্য আর করুমালাইয়ান বৈঠক শেষে দাবি করেছেন, ‘অবসরের পর ২০ বছর এই সুযোগ মিলবে বলে সিদ্ধান্ত হয়েছে।’ কেন্দ্রীয় অছি পরিষদের অপর সদস্য টিইউসিসির সাধারণ সম্পাদক শিওপ্রসাদ তেওয়ারি বলেন, ‘পিএফের তহবিল পূরণ হয় গ্রাহকের জমানো টাকায়। সেই তহবিল বাড়ানোর ক্ষেত্রে আরও একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে অছি পরিষদ। যদি কোনো কর্মী রেস্তরাঁয় কাজ করেন এবং তিনি পিএফের অন্তর্ভুক্ত থাকেন, তাহলে রেস্তরাঁর গ্রাহকদের থেকে প্রাপ্ত টিপস বা নগদ বখশিস পর্যন্ত পিএফ অ্যাকাউন্টে জমা দিতে পারবেন।’ তাঁর কথায়, এইভাবে গ্রাহক যদি কর্মজীবনে পিএফ অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমিয়ে ফেলতে পারেন, অবসরের পর তিনি তা কিস্তিতে তুলতে পারবেন। অর্থাৎ পেনশনের মতোই অবসরকালে উপার্জনের রাস্তা খুলবে। সামাজিক সুরক্ষায় এর চেয়ে ভালো ব্যবস্থা আর কিছু হতে পারে না।’ অছি পরিষদের সদস্যরা বলছেন, গিগ ওয়ার্কার বা অন্যান্য কর্মী, যাঁদের তথাকথিত পিএফ অ্যাকাউন্ট নেই, তাঁরাও চাইলে অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে পারবেন। সেই সুযোগও করে দিতে চায় ইপিএফও।
যদিও প্রশ্ন উঠছে, পিএফ অ্যাকাউন্টে যেমন খুশি জমানোর সুযোগে কালো টাকার দরজা খুলে যাবে না তো? এই প্রশ্ন ওঠে অছি পরিষদের বৈঠকেও। সংশ্লিষ্ট মহলের দাবি, কত টাকা কীভাবে জমা হচ্ছে, তা আয়কর দপ্তরের বিবেচনাধীন থাকবে। এ ব্যাপারে আয়কর আইনে বদলের প্রস্তাবও দেওয়া হয়েছে। ফলে আয়ের সঙ্গে সংগতি রেখে পিএফ অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে কি না, তা বিচার করা হবে। তবে তাতেও শেষরক্ষা হবে কি? প্রশ্ন থেকেই যাচ্ছে।