সংবাদদাতা, করিমপুর: বাজারে ভাল দাম পাওয়ায় মরশুমি সরিষা কিংবা ডালশস্যের বদলে পেঁয়াজ ও রসুন চাষের দিকে ক্রমশ ঝুঁকছেন করিমপুরের চাষিরা। বিশেষ করে চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় এলাকার বহু চাষি পেঁয়াজ ও রসুন চাষকরছেন। গত বছরের তুলনায় এবছর চাষের পরিমাণও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করিমপুরের নন্দনপুর, কাঠালিয়া, গোয়াস, গড়াইমারি, তারকগঞ্জ ও রামকৃষ্ণপুর এলাকায় প্রতিবছর কয়েক হাজার বিঘা জমিতে পেঁয়াজ ও রসুনের চাষ হয়। এই সমস্ত এলাকায় সরিষা, মসুর, মটর ও ছোলার মতো মরশুমি ফসলের পাশাপাশি বহু চাষি পেঁয়াজ ও রসুন উৎপাদন করেন। সাধারণত কার্তিক মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ণ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জমিতে পেঁয়াজ ও রসুনের বীজ রোপণ করা হয়। এরপর ফাল্গুন-চৈত্র মাসে জমি থেকে ফসল তোলা শুরু হয়। কাঠালিয়ার রসুন চাষি সুদর্শন বিশ্বাস বলেন, এলাকার কয়েক হাজার চাষি এই সময় পেঁয়াজ ও রসুন চাষ করেন। গত বছর অতিরিক্ত বৃষ্টির কারণে বহু জমিতে জল জমে গিয়েছিল। প্রায় অর্ধেক জমি জলমগ্ন থাকায় নির্দিষ্ট সময়ে জমি তৈরি করা সম্ভব হয়নি। ফলে গত বছর চাষের পরিমাণ কিছুটা কমেছিল। তবে এবছর আবহাওয়া ভাল থাকায় আবার ব্যাপকভাবে চাষ হচ্ছে। অন্য বছরের মতো এবারও প্রায় চার বিঘা জমিতে পেঁয়াজ ও রসুন চাষ করছি। আর এক চাষি নির্মল সিকদার জানান, কাঠালিয়া, গড়াইমারি, গোয়াস, তারকগঞ্জ, রামকৃষ্ণপুর ও নন্দনপুর এলাকায় কয়েক হাজার বিঘা জমিতে এই দুই ফসলের চাষ হয়। এবছর বিশেষ করে কাঠালিয়া, নন্দনপুর, রামকৃষ্ণপুর ও গোয়াস এলাকার জমিতে ব্যাপকভাবে পেঁয়াজ ও রসুনের চাষ হচ্ছে। চাষি মলিন সরকার জানান, রসুন চাষে ফলনের পরিমাণ যথেষ্ট হলেও তা বাজারজাত করার আগে শুকিয়ে নেওয়া প্রয়োজন। এক বিঘা জমিতে ভাল ফলন হলে প্রায় ১৬ থেকে ২০ কুইন্টাল কাঁচা রসুন উৎপাদন হতে পারে। রোদে ভালভাবে শুকানোর পর সেই রসুনের ওজন কমে দাঁড়ায় প্রায় ১২ থেকে ১৫ কুইন্টালে। তবে চাষের খরচ, শ্রমিকের মজুরি, সার ও অন্যান্য উপকরণের দাম মেটানোর পর লাভের মুখ দেখা সহজ নয়। তিনি বলেন, আগে চার বিঘা জমিতে রসুন চাষ করতাম। কিন্তু বাজারে ভাল দাম পাওয়ায় এবছর ছয় বিঘা জমিতে রসুন চাষ করেছি। চাষিদের মতে, পেঁয়াজ ও রসুনের বাজারদর ভাল থাকলে এই ফসল থেকে তুলনামূলক বেশি আয় করা সম্ভব। সেই আশাতেই অনেকেই সরিষা কিংবা ডালশস্যের জমির একাংশে পেঁয়াজ ও রসুন চাষ বাড়াচ্ছেন।



