উৎপাদন বাড়লেও দাম কমছে না  চিনির, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উৎপাদন চার গুণ বাড়লেও সেই অনুপাতে দাম কমছে না চিনির। উলটে বেড়েই চলেছে। খুচরো বাজারে চিনির দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন দাম নিয়ন্ত্রণে আনতে তথা সস্তা করতে পারছে না কেন্দ্র, তা নিয়েও উঠছে প্রশ্ন। 

Advertisement

কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ১৯ নভেম্বর দেশে চিনির গড় খুচরো দাম প্রতি কেজিতে ৬০.৭৪ টাকা হয়েছে। গত বছর একই দিনে এই দাম ছিল ৪৬.৫৩ টাকা। শুধু তাই নয়, এক মাস আগেও চিনির গড় খুচরো দাম ছিল প্রতি কেজিতে ৫৪.৯২ টাকা। ফলে ক্রমশ দাম বেড়েই চলেছে। অথচ চিনি প্রস্তুতকারক সংগঠন ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো-এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (ইসমা) তথ্য অনুযায়ী, চলতি মরশুমে ৫ নভেম্বর পর্যন্ত ভারতে মোট ১২.৮৫ লক্ষ টন চিনি উৎপাদন হয়েছে। গত বছরে এই সময়ে উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ৩.২০ লক্ষ টন। অর্থাৎ, উৎপাদন বেড়েছে প্রায় চার গুণ। দেশের মোট ১৮৪টি চিনিকলে আখ মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১৫৪। ফলে চলতি মরশুমে আগের তুলনায় দ্রুত আখ মাড়াই শুরু হয়েছে।
মহারাষ্ট্রে চিনির উৎপাদন হয় সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত এই রাজ্যে ১৩৬টি চিনিকল থেকে মোট ১০.৭৮ লক্ষ টন চিনি উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ে ১০১টি চিনিকল থেকে উৎপাদন হয়েছিল মাত্র ১.২৩ লক্ষ টন চিনি। আবার, মহারাষ্ট্র সুগার কমিশনারেটের তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর পর্যন্ত রাজ্যের ১৪৩টি চিনিকল ১৭৬.৯৯ লক্ষ মেট্রিক টন আখ মাড়াই করে মোট ১৫.০২২ লক্ষ টন চিনি উৎপাদন করেছে।
উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য মোতাবেক, খুচরো বাজারে চিনির আদর্শ মূল্য হওয়া উচিত ৬০ টাকা। যেখানে পশ্চিমবঙ্গে খুচরো বাজারে চিনি বিক্রি হচ্ছে ৬৫.২৪ টাকা কেজি দরে। অথচ এক বছর আগেই (২০২৫)  নভেম্বরের একইসঙ্গে চিনির আদর্শ মূল্য ছিল ৪৫ টাকা কেজি। পশ্চিমবঙ্গে সেসময় চিনির দাম ছিল ৪৭.৮৩ টাকা। ফলে উৎপাদন বাড়লেও কেন দাম কমছে না, সেই প্রশ্ন তুলছে আমজনতা।