বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মড়ার উপর খাঁড়ার ঘা! আনাজপাতি, মুদিবাজার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। সংসার চালাতে নাজেহাল অবস্থা আম জনতার। এর মধ্যেই চমকে দিল চালের দাম! গত তিন-চারদিনের মধ্যে খুচরো বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি পাঁচ থেকে ছ’টাকা করে বেড়েছে। তুলনামূলক কম দামের রত্না চালের দাম ছিল কেজিতে ৩৭ থেকে ৩৮ টাকা। তা বেড়ে হয়েছে ৪২ টাকা। ৫৫ থেকে ৫৬ টাকার মিনিকিট পৌঁছে গিয়েছে ৬০ থেকে ৬২ টাকায়। দুধেশ্বর বা বাঁশকাঠির মতো সরু চালের দামও বেড়েছে একই হারে। ব্যবসায়ীরা বলছেন, নরেন্দ্র মোদি সরকার চালের রপ্তানি বন্ধ না করলে পরিস্থিতি আরও কঠিন হবে।
কী কারণে রাতারাতি চালের দাম এতটা বাড়ল? মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কৃষি সংক্রান্ত সাব কমিটির কো-চেয়ারম্যান এবং রাইস ভিলার কর্ণধার সুরজ আগরওয়াল বলেন, ‘এমনিতেই বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব রয়েছে। সর্বত্র খাদ্য নিরাপত্তা প্রশ্নের মুখে। বিশ্বব্যাংক রিপোর্টে জানিয়েছে, ২০২৬ সালে ইতিমধ্যে খাদ্যে ১০% মূল্যবৃদ্ধি হয়েছে। আগামী বছর তা আরও সাত থেকে আট শতাংশ বাড়তে পারে। এদিকে ভারত থেকে চালের রপ্তানি গত বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। খুচরো বাজারে চালের দামে তার প্রভাব পড়েছে।’ তাঁর আরও বক্তব্য, বাংলাদেশে এবার চালের উৎপাদন কম হওয়ায় সেখানেও রপ্তানির পূর্বাভাস রয়েছে। তাই কৃষক থেকে শুরু করে ধানকল মালিক—সবাই রপ্তানির দিকে নজর রাখছেন। রপ্তানি বাড়লে চাহিদা বাড়বে। তাই দাম বৃদ্ধিও স্বাভাবিক। তিনি মনে করেন, মূলত বাংলাদেশে রপ্তানির পূর্বাভাসই চালের দামে এই লাফের কারণ। তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গে চালের উৎপাদনে এখনো কোনো ঘাটতি নেই। বাংলাদেশসহ অন্যত্র চালের বাজার কেমন, তা এখন মিল মালিকদের পাশাপাশি কৃষকরাও জানেন। বাজারও সেভাবেই নিয়ন্ত্রিত হয়।’
ওয়েস্ট বেঙ্গল রাইস মিলস ওনার’স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মনোজ কে ফোগলা বলেন, ‘দক্ষিণ ভারতে বৃষ্টি কম হওয়ায় সেখানে ধান উৎপাদন এবার কম। তাই অন্ধ্রপ্রদেশসহ বিভিন্ন রাজ্য বাংলা থেকে চাল কিনছে। রপ্তানি চালু থাকায় চাল বাইরেও যাচ্ছে। ওড়িশা থেকে এ রাজ্যে কিছু চাল আসত। কিন্তু আকভানসহ একের পর এক ঘূর্ণিঝড়ে সেখানে ধান চাষের দফারফা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় অকালবৃষ্টির কারণে চাষের ক্ষতি হচ্ছে। এই অবস্থায় চালের দাম বৃদ্ধি ঠেকাতে রপ্তানিতে লাগাম পরানো ছাড়া উপায় নেই। রাজ্য সরকার বর্ডার সিল করে রপ্তানিতে রাশ টানতে পারে।’ তবে ডিসেম্বরের শেষ দিকে নতুন চাল বাজারে এলে দামে কিছু হেরফের হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাঁরা এও জানাচ্ছেন, সরকার ধানের যে ন্যূনতম দাম স্থির করেছে, মিল থেকে চাল হয়ে বেরলে তার দাম প্রায় ৪১ টাকা হবে। স্বাভাবিকভাবেই খোলাবাজারে দাম আরও বাড়বে। অর্থাৎ, ৪০ টাকার নীচে যে সাধারণ চাল বাজারে পাওয়া যেত, তা আর মিলবে না। সব মিলিয়ে পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে বলেই আশঙ্কা।



