২৫ দিনে ৫২ লক্ষ বিয়ে! ৭.৫ লক্ষ কোটির ব্যবসার সম্ভাবনা, দিল্লিতে লেজার শো, ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিয়ে আর বউভাত। একসময় সাত পাকে বাঁধা পড়ার অর্থই ছিল স্রেফ এই দু’দিনের অনুষ্ঠান। তাতে খাওয়া-দাওয়া, সাজগোজ আর ছবি তোলাই ছিল ছিল মুখ্য বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি বদলেছে। এখন বিয়ের অনুষ্ঠানে জুড়েছে অনেক কিছু। ব্যাচেলর পার্টি, মেহেন্দি, সংগীত প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আলাদা দিন। সবমিলিয়ে জাঁকজমক যে বেড়েছে তাতে সন্দেহ নেই। পাল্লা দিয়ে বেড়েছে খরচ। ফোটোগ্রাফি থেকে মেকআপ, সবেতেই লাখ টাকার ধাক্কা। ডেসটিনেশন ওয়েডিং হলে তো কথাই নেই। খরচ বাড়লেও বিয়ের সংখ্যা কমছে না। বরং বিগত কয়েক বছরের তুলনায় এবার দেশজুড়ে আরও বেশি বিয়ের সম্ভাবনা। ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) দাবি, আগামী ২১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে দু’লক্ষেরও বেশি বিয়ে হতে পারে। এই হিসাবে মাত্র ২৫ দিনে দেশে প্রায় ৫২ লক্ষ বিয়ে হতে চলেছে। ফলে প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে।

Advertisement

সিএআইটি-র হিসাব অনুযায়ী, মোট ব্যবসার প্রায় ৫৪ শতাংশ অর্থাৎ ৪ লক্ষ ৫ হাজার কোটি টাকাই আসতে পারে পণ্য ও খুচরো কেনাকাটা থেকে। বাকি ৪৬ শতাংশ অর্থাৎ ৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকা অন্যান্য পরিষেবা থেকে। গয়না ও মূল্যবান ধাতুর ব্যবসা প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা ছুঁতে পারে। অন্যান্য পরিষেবার মধ্যে ক্যাটারিং ব্যবসার পরিমাণ দাঁড়াবে প্রায় ৭৫ হাজার কোটি টাকা হতে পারে। বিয়েবাড়ি, ব্যাঙ্কোয়েট হল ও হোটেলের ক্ষেত্রে এই অঙ্ক ৬০ হাজার কোটি টাকা। ফোটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি এবং মেকআপে ব্যবসার পরিমাণ প্রায় ২৩ হাজার কোটি টাকা করে হতে পারে। জামাকাপড়, উপহার, বিয়ের সামগ্রী, আসবাবপত্র, ফল-মিষ্টি এসব মিলিয়েও কয়েক হাজার কোটি টাকা করে ব্যবসা হবে। এর ফলে বিয়ের মরসুমে বিভিন্ন ক্ষেত্রে প্রায় সওয়া এক কোটি অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলেও জানিয়েছে সিএআইটি। তাদের পরিসংখ্যান বলছে, সাধারণ বিয়ের অনুষ্ঠানে খরচ হতে পারে প্রায় ৪-৫ লক্ষ টাকা। আর বিলাসবহুল বিয়ের ক্ষেত্রে খরচ ৪-৫ কোটি টাকা বা তারও বেশি। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ৪৮ লক্ষ বিয়েতে ব্যবসা হয়েছিল ৫ লক্ষ ৯০ হাজার কোটি টাকার। ২০২৫ সালে ৪৬ লক্ষ বিয়েকে কেন্দ্র করে এই অঙ্ক ছিল সাড়ে ছ’লক্ষ কোটি টাকা। এবার সেই অঙ্কও ছাপিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ব্যবসায়ীরা। 
তবে বিয়ের আনন্দ যেন অন্য কারও সমস্যার কারণ না হয়, তা নিয়ে আগে থেকেই সতর্ক থাকছে দিল্লি পুলিশ। বিমানবন্দরের নিরাপত্তা ও বিমান চলাচলের সুরক্ষার 
কথা মাথায় রেখে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ড্রোন এবং লেজার আলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৮ নভেম্বর চালু হওয়া এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ২০২৭ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।