মাত্র একদিনের তফাতে ৫৩০০ টাকা কমল  সোনার দাম! সাম্প্রতিককালে সর্বোচ্চ পতন
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্টোবরের শেষের দিক থেকেই কমতে শুরু করেছিল সোনার দাম। ফলে  ধনতেরাসের মুখে হাসি ফুটেছিল ক্রেতা বিক্রেতা উভয়েরই। তবে তাঁদের হাসি আরও চওড়া করে আরও নামল সোনা। ধনতেরাসের থেকে সোনার দাম নামল অনেকটাই। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত দৈনিক দর অনুযায়ী, শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার খুচরো দাম যায় ১ লক্ষ ২৫ হাজার ৮০০ টাকা। অথচ ৫ নভেম্বর ধনতেরাসের ঠিক আগে তার দাম ছিল ১ লক্ষ ৪৫ হাজার ১৫০ টাকা। ১৫ দিনে দাম কমেছে ১৯ হাজার ৩৫০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় শহরে সোনার দাম কমেছে ৫ হাজার ৩০০ টাকা। শুধু একদিনের তফাতে দামের এতটা পতন সাম্প্রতিককালে হয়নি। দাম কমেছে হলমার্কযুক্ত ২২ ক্যারেট সোনার দামও। একদিনের তফাতে দাম নেমেছে পাঁচ হাজার টাকা। বৃহস্পতিবার যেখানে তার দর ছিল ১০ গ্রাম পিছু ১ লক্ষ ২৪ হাজার ৬০০ টাকা, তা শুক্রবার নেমে আসে ১ লক্ষ ১৯ হাজার ৬০০ টাকায়।

Advertisement

ব্যবসায়ীরা বলছেন, গোটা বিশ্ববাজারেই সোনার দামে ধস নেমেছে। এর পিছনে প্রথম কারণ  আমেরিকায় সুদের হার বৃদ্ধির আশঙ্কা। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের একাধিক কর্তা সুদের হার বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন। মূল্যবৃদ্ধির হার দুই শতাংশের লক্ষ্যে নামাতে ডিসেম্বরেই ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। বাজারও মনে করছে, ডিসেম্বরে সুদ বাড়াবে আমেরিকা। সুদ বাড়লে সোনায় লগ্নির আকর্ষণ কমে যায়। কারণ, সোনা থেকে কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না। দ্বিতীয় কারণ, ডলার শক্তিশালী হয়েছে। তা উনিশ মাস আগের সর্বোচ্চ স্তরের কাছাকাছি ঘোরাফেরা করছে। সোনা ডলারে কেনাবেচা হয়। ডলার শক্তিশালী হলে অন্য দেশের ক্রেতাদের কাছে সোনা আরও দামি হয়ে যায়। ফলে চাহিদা কমে, দাম পড়ে। বিশ্লেষকদের বক্তব্য, শক্তিশালী ডলার ও বাড়তে থাকা বন্ডের সুদই সোনার উপর সবচেয়ে বেশি চাপ তৈরি করছে। তবে ক্রেতাদের কাছে দামের এই স্বর্ণসুখ বেশি দিন সইবে না বলেই মনে করেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে। তিনি বলেন, সেনার দামের পতন অতিক্ষণস্থায়ী। তাই তা আবার উপর দিকে ওঠার আগেই ক্রেতারা যেন কিনে নেন। কারণ সোনা কেনার এটাই সবচেয়ে ভালো সুযোগ।