নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বচ্ছতা, গুণমান, খাদ্য সুরক্ষা বিধির মতো একাধিক বিষয় বজায় রাখাই অন্যতম প্রধান লক্ষ্য। আর সেই উদ্দেশ্যেই রাজ্যে এবার স্ট্রিট ফুড হাব তৈরি করছে বিজেপি সরকার। অর্থাৎ, ফুচকা বিক্রেতা, চা দোকানি, তেলেভাজার দোকানদার, এগরোল-চাউমিনের দোকানির মতো ব্যবসায়ীরা আসবেন এর আওতায়। প্রাথমিকভাবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, হাওড়া,
কলকাতা, বিধাননগর, দুর্গাপুর এবং শিলিগুড়িতে এই স্ট্রিট ফুড হাব তৈরি করা হবে। প্রতিটি তৈরিতে খরচ পড়বে প্রায় চার কোটি টাকা করে। তবে শুধুমাত্রই হাব তৈরি করে দেওয়াই নয়। এর আওতায় থাকা দোকানিদের রীতিমতো প্রশিক্ষণও দেওয়া হবে রাজ্যের উদ্যোগে। ওই পাঁচটি শহরের প্রায় ১৭ হাজার স্ট্রিট ফুড ভেন্ডার এই প্রশিক্ষণ পাবেন। শুক্রবার দিল্লিতে এসংক্রান্ত ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের বিরুদ্ধে হকার উচ্ছেদের মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এই অভিযোগে রাজ্যের বিরোধী দলগুলি যথেষ্ট সোচ্চার হয়েছিল। এদিন দিল্লিতে অগ্নিমিত্রা বলেন, ‘রাজ্য সরকার যে হকারদের পেটে লাথি মারছে না, এই সিদ্ধান্তই তার প্রমাণ। গুণমান বজায় রেখে সব করা হবে।’ রাজ্যের মন্ত্রী জানিয়েছেন যে, রাস্তার খাবারের দোকানগুলিতে আগুনের ব্যবহার বন্ধ করা হবে। সৌর প্যানেলের মাধ্যমে খাবার তৈরি হবে। সেই ব্যবস্থা করে দেবে রাজ্যই। এর ফলে কোনোরকম দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকবে না। পুজোর আগে থেকেই রাজ্যের একের পর এক খাবারের দোকান, রেস্তরাঁয় হানা দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। সংগ্রহ করা হচ্ছে খাবারের নমুনা। গুণমান সঠিক না হলে পদক্ষেপও করছে রাজ্য।
লক্ষ্যণীয় বিষয় হল যে, উল্লিখিত পাঁচ শহরে এই স্ট্রিট ফুড হাব তৈরির কোনো সময়সীমা এখনো পর্যন্ত স্থির করেনি রাজ্য সরকার। এবিষয়ে রাজ্যের মন্ত্রী বলেন, ‘কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর আমরা সবেমাত্র বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সারা দেশে ৩৫টি স্ট্রিট ফুড হাব রয়েছে। কিন্তু বাংলায় একটিও নেই। বিজেপি সরকার গত ছ’মাসে যে কাজ করেছে, আগের সরকার ১৫ বছরেও তা করতে পারেনি।’ রাজ্যের পুরভোট নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার দায়ও এদিন বিরোধীদের উপরই চাপিয়েছেন অগ্নিমিত্রা। স্পষ্ট জানিয়েছেন, বিরোধীদের জন্যই নির্বাচন বন্ধ হয়ে রয়েছে। এদিন দিল্লিতে দু’টি কেন্দ্রীয় পুরস্কার জিতেছে রাজ্য সরকার। ‘লোন ডিসবার্সমেন্ট’ -এর জন্য সারা দেশে বাংলা তৃতীয় হয়েছে। ‘ডিজিটাল অ্যাডপশন’-এর জন্য দুর্গাপুর সারা দেশের মধ্যে প্রথম হয়েছে। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে রাজ্যের হাতে এই পিএম সেবানিধি সম্মান পুরস্কার তুলে দিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর।



