টাটার ক্ষতে প্রলেপ! সিঙ্গুরে ট্রাক কারখানা গড়বে অশোক লেল্যান্ড
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাটা গোষ্ঠীর ছেড়ে যাওয়া সিঙ্গুরে এবার বিনিয়োগ করতে চলেছে অশোক লেল্যান্ড! ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তাতে সিলমোহর দিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী বিষয়টিকে এখনও নিছক আলোচনার স্তরে বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সুকান্তবাবু একধাপ এগিয়ে জানিয়ে দিলেন, সিঙ্গুরে ট্রাক ফ্যাক্টরিই গড়তে চলেছে অশোক লেল্যান্ড। বিনিয়োগ নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে নবান্নও। সূত্রের খবর, ইতিমধ্যে জমি চিহ্নিতকরণে শুরু হয়েছে সমীক্ষার কাজ। একইসঙ্গে নয়া জমি নীতি ঘোষণা করে তা সিঙ্গুর থেকেই কার্যকরের তোড়জোড় চলছে। 

Advertisement

সুকান্তবাবু এদিন এক অনুষ্ঠান শেষে রাজ্যে শিল্পের পরিবেশ-কর্মসংস্থান ইস্যুতে সরব হন। তিনি বলেন, ‘বাংলার মানুষ এখন বুঝতে পারছেন, রাজ্য থেকে শিল্প চলে যাওয়ার কী নেতিবাচক প্রভাব পড়েছে! শিল্প না থাকায় শিক্ষিত যুবকদের একটা বড়ো অংশ কর্মহীন হয়ে ঘুরে বেড়াচ্ছেন।’ রাজ্যে কীভাবে শিল্পের পরিবেশ ফিরছে, তা বোঝানোর জন্যই তিনি ঘোষণা করেন সিঙ্গুরে ট্রাক কারখানার কথা। 
সিঙ্গুর প্রসঙ্গ উঠলেই তামাম রাজ্যবাসীর মনে চলে আসে টাটার ন্যানো গাড়ি প্রকল্পের কথা। জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন ও বিক্ষোভের জেরে বাংলা ছেড়ে গুজরাতের সানন্দে কারখানা সরিয়ে নিয়ে যায় টাটা। এবার রাজ্যের বিজেপি সরকার সেই সিঙ্গুরেই বড়ো শিল্প ফিরিয়ে এনে বাংলার ‘শিল্প ভাবমূর্তি’ উজ্জ্বল করতে চাইছে বলে রাজ্যের এক পদস্থ কর্তাও জানিয়েছেন।
নবান্ন সূত্রের খবর, অশোক লেল্যান্ডের কারখানা তৈরির জন্য সিঙ্গুরে জমি চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। শিল্পের জন্য জমি জোগাড় করতে নতুন নীতিও আনতে চলেছে রাজ্য। বিনিয়োগকারী সংস্থার সরাসরি জমি কেনার পুরানো নীতির বদলে চালু হতে পারে ‘ল্যান্ড পুলিং’ ব্যবস্থা। সেই ক্ষেত্রে জমিদাতাদের নিয়ে সমবায় তৈরি হবে। তাদের জমি শিল্প স্থাপনের উপযোগী করে তা বিনিয়োগকারী সংস্থাকে দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের। জমিদাতা পরিবারের একজনকে কারখানায় চাকরি এবং সংশ্লিষ্ট সংস্থায় অংশীদারিত্ব দেওয়ার কথাও থাকছে নয়া নীতিতে।