বিধিনিষেধ শিথিল হলেও গৃহস্থের এলপিজি ব্যবহার কমেছে ১১.৮ শতাংশ
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সরবরাহে ধাক্কা দিয়েছে ইরান যুদ্ধ। চাহিদায় রাশ টানতে তাই জারি হয়েছিল বিধিনিষেধ। ফলে, এলপিজি সিলিন্ডার বুকিংয়ে নাজেহাল হতে হয়েছে আম আদমিকে। সম্প্রতি অধিকাংশ বিধিনিষেধ শিথিল হয়েছে। নতুন সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন থেকে কমিয়ে ২৫ দিনে নামিয়ে আনা হয়েছে। তা সত্বেও গৃহস্থের রান্নাঘরে এলপিজি ব্যবহারে পতন অব্যাহত। কিন্তু কেন? নেপথ্যে রয়েছে একাধিক কারণ। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর নতুন এলপিজি সংযোগ বন্ধ করেছিল তেল সংস্থাগুলি। এখনও তা চালু হয়নি। পাশাপাশি, জুনে উজ্জ্বলা গ্রাহকদের ভরতুকির সিলিন্ডার সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪টি করে দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, ভরতুকির সিলিন্ডার সরবরাহে বায়োমেট্রিক অথেন্টিকেশনে কড়াকড়ি হয়েছে। সরকারি সূত্রে দাবি, এর ফলে ডুপ্লিকেট কানেকশনে রাশ টানা গিয়েছে। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহারও নিয়ন্ত্রণ করা গিয়েছে। এর ফলে গ্রাহক সংখ্যা কমেছে, নিম্নমুখী হয়েছে গ্যাসের ব্যবহারও। গ্যাসের চাহিদা কতটা নিম্নমুখী হয়েছে? তেল মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এক বছর আগের তুলনায় অক্টোবর মাসে গৃহস্থের এলপিজি ব্যবহার কমেছে ১১.৮ শতাংশ। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাহিদা নিম্নমুখী হয়েছিল ১৩.৫ শতাংশ। বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে ব্যবহার ধরলে অক্টোবরে সামগ্রিক এলপিজি চাহিদায় পতন হয়েছে ১২.৩ শতাংশ। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা ছিল ১৫.৫ শতাংশ। শুধু চাহিদা নয়, ভেরিফিকেশন প্রক্রিয়ায় কড়াকড়ির ফলে নিম্নমুখী হয়েছে গ্রাহক সংখ্যাও। বিগত কয়েক দশকের মধ্যে এই প্রথম। চলতি অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকে এলপিজি উপভোক্তার সংখ্যা কমেছে ৭৫ লক্ষ। এর মধ্যে উজ্জ্বলা গ্রাহক রয়েছেন ৬০ হাজার। নিম্নমুখী হওয়ার পর সামগ্রিকভাবে দেশে গ্রাহক সংখ্যা হয়েছে ৩২ কোটি ৬৪ লক্ষ।

Advertisement