নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গুরে টাটার ছেড়ে যাওয়া ৯৯৭ একর জমিতে নতুন শিল্প গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। ওই জমি সরাসরি কিনে শিল্পের জন্য ব্যবহারের পরিকল্পনা করছে রাজ্য। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে পুরুলিয়া, বারাকপুর, সিঙ্গুর সহ বিভিন্ন এলাকায় শিল্পের জন্য মোট ৮ থেকে ১০ হাজার একর জমি কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জমি কেনার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সিঙ্গুরের জমি কেনার বিষয়ে হুগলির জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত ওই জমিতে চাষবাসও ঠিকমতো হচ্ছে না। ধান, আলু কিংবা সরষে চাষের পাশাপাশি মাছ চাষের উদ্যোগও সফল হয়নি। ফলে জমি কিনে শিল্পস্থাপনের মাধ্যমে নতুন করে কর্মসংস্থান তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সিঙ্গুরে অশোক লেল্যান্ড ট্রাক কারখানা স্থাপনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন বলে শনিবারই জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অশোক লেল্যান্ডের সঙ্গে এবিষয়ে আলোচনার কথা আগে জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। শিল্পের জন্য জমি কেনা হবে পুরুলিয়াতেও। সেখানে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি নেওয়ার পরিকল্পনা রয়েছে। বারাকপুরের বন্ধ জুটমিল ও কারখানাগুলির জমিও মালিকদের কাছ থেকে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙড় ও নিউটাউন সংলগ্ন এলাকায় যাঁরা স্বেচ্ছায় জমি দিতে চান, তাঁদের কাছ থেকেও জমি কিনবে রাজ্য। বিনিয়োগকারীদের সরাসরি জমিদাতাদের থেকে জমি কেনার পূর্বতন সরকারের আইনের সমালোচনা করে মুখ্যমন্ত্রী এদিন জানান, ২০১৩ সালের কেন্দ্রীয় জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পুনর্বাসন সংক্রান্ত আইনের নীতি রাজ্যে লাগু হচ্ছে।
প্রসঙ্গত, এর জেরে বাড়বে জমিদাতাদের ক্ষতিপূরণের অঙ্ক। এছাড়া ল্যান্ড পুলিং-এর ব্যবস্থাও চালু হচ্ছে রাজ্যে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জোরপূর্বক জমি নেওয়ার নীতির বিরোধী রাজ্য। একইসঙ্গে, ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে ঘিরে আরও বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হচ্ছে, যার ৫০ শতাংশ অর্থ দেবে কেন্দ্র। এছাড়া বাল্যবিবাহ রোধে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব রাজ্যের পরম্পরা মেনেই হবে। সংবিধানে সব ধর্ম বর্ণের সমানাধিকার দেওয়া হয়েছে।



