নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুষ্ঠুভাবে স্পেশাল ট্রেন চালাতেও রীতিমতো হিমশিম খাচ্ছে রেল। রেলের অব্যবস্থায় স্টেশনে স্টেশনে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সাধারণ যাত্রীদের ভিড়। ট্রেনে ওঠা তো অনেক পরের ব্যাপার! স্টেশনে নির্দিষ্ট ট্রেন খুঁজে পেতেই নাজেহাল হতে হচ্ছে রেল যাত্রীদের। আর যাত্রীদের হয়রানি যত বাড়ছে। ততই পাল্লা দিয়ে ক্ষোভ এবং অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। রেল যাত্রীদের বড়ো অংশই প্রশ্ন তুলছে, গুচ্ছ গুচ্ছ সামার স্পেশাল ট্রেন চালানোর দাবি করে কৃতিত্ব নিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু বাস্তবে সাধারণ যাত্রীরা আদৌ স্বাচ্ছন্দ্য এবং পরিষেবা পাচ্ছেন কি? তা নিয়ে কারও কোনো মাথাব্যথা কেন নেই? জানা যাচ্ছে, পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই আসরে নামতে হয়েছে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। রেলভবনের ওয়্যার রুম থেকেই রেল আধিকারিকদের মাধ্যমে খোঁজ নিচ্ছেন তিনি।



