নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৫ শতাংশ নয়। ট্রেনের বিভিন্ন শ্রেণিভেদে ওয়েটিং লিস্টে টিকিট কাটার হার কিছুটা বৃদ্ধি করছে রেল বোর্ড। সোমবার বেশি রাতে রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। রেলের নতুন নিয়মে, এখন থেকে নন এসি স্লিপার এবং সংরক্ষিত নন-এসি চেয়ার কারের ক্ষেত্রে মোট আসন সংখ্যার ৪০ শতাংশ পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট কাটতে পারা যাবে। এসি থ্রি টিয়ার এবং এসি টু টিয়ারের ক্ষেত্রে এই হার ৬০ শতাংশ। তবে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসে এসি থ্রি এবং টু টিয়ারে মোট আসন সংখ্যার ৪০ শতাংশ পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট কাটা সম্ভব হবে রেল যাত্রীদের। যদিও দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট ক্লাস এসিতে মোট আসন সংখ্যার ১০০ শতাংশ পর্যন্তই ওয়েটিং লিস্টের টিকিট মিলবে। সম্প্রতি রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে, যে-কোনও মেল, এক্সপ্রেস ট্রেনের মোট আসন সংখ্যার সর্বাধিক ২৫ শতাংশ পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট দেওয়া হবে। ট্রেনের টিকিটে যাতে কোনওরকম জালিয়াতি না হয়, সেই লক্ষ্যেই এহেন সিদ্ধান্ত বলে মন্ত্রক জানিয়েছিল। কিন্তু এরপরেই এই বিষয়কে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ উঠতে শুরু করে যে, রেল যাত্রীরা টিকিট পাচ্ছেন না। এরপরেই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তনের পথে হাঁটল রেল। যদিও ঘোষণামতো ট্রেনের ওয়েটিং লিস্ট কবে সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনা সম্ভব, তা নিয়ে এখনও নিরুত্তর রেল বোর্ড।



