নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চতুর্থীতে রেল কর্মীদের জন্য পুজোর বোনাস ঘোষণা করল কেন্দ্র। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল কর্মচারীদের উৎপাদন ভিত্তিক বোনাস (পিএলবি) প্রদানের অনুমোদন দিয়েছে। রেলের ১১ লক্ষ ৪০ হাজার ৭৭০ জন নন-গেজেটেড কর্মী এই উৎসাহ ভাতা পাবেন। রেল জানিয়েছে, কর্মচারীদের ৭৮ দিনের মজুরির ভিত্তিতেই এই বোনাস দেওয়া হবে। একজন রেল কর্মী সর্বাধিক ১৭ হাজার ৯৫১ টাকা পর্যন্ত পুজোর বোনাস পাবেন। যদিও বর্তমান মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এবছর বোনাস বৃদ্ধির দাবি জানিয়েছিল রেল কর্মীদের একাধিক সংগঠন। তা অবশ্য মানেনি নরেন্দ্র মোদি সরকার।
এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলের যে ১১ লক্ষ ৪০ হাজার ৭৭০ জন কর্মী বোনাস পেলেন, এর মধ্যে সাড়ে পাঁচ লক্ষ কর্মচারীই নিযুক্ত হয়েছেন বিগত ১২ বছরে। অর্থাৎ, পুরোটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃতিত্ব। কিন্তু ঘটনা হল, ২০১৪ সালে রেলের ১২ লক্ষ ৬০ হাজার কর্মী পুজোর বোনাস পেয়েছিলেন। এর অর্থ হল, আদতে নরেন্দ্র মোদি সরকারের ১২ বছরে বোনাস পাওয়া রেল কর্মচারীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার কমে গিয়েছে! কারণ যত অবসর হয়েছে, রেলে সেই তুলনায় নিয়োগই হয়নি।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর রেলমন্ত্রক জানিয়েছে, এই বোনাস দিতে রেলের খরচ হবে মোট ২ হাজার ৯ কোটি ৬১ লক্ষ টাকা। ট্র্যাক মেন্টেনার্স, লোকো পাইলট, গার্ডস (ট্রেন ম্যানেজার), স্টেশন মাস্টার্স, সুপারভাইজর্স, টেকনিসিয়ানস, টেকনিসিয়ান হেল্পার্স, পয়েন্টসম্যান, মিনিস্টেরিয়াল স্টাফ এবং রেলের অন্যান্য ‘গ্রুপ সি’ কর্মীরাই এই উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতার আওতায় থাকবেন।



